নারদ মামলার শুনানি শুরু কলকাতা হাইকোর্টে, শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি সিবিআইয়ের

আজ, সোমবার নারদ মামলায় হাইকোর্টে শুনানি হওয়ার কথা। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে চলছে সেই মামলার শুনানি। কিন্তু এদিকে, সিবিআইয়ের তরফে আর্জি জানানো হল যাতে এই শুনানি আগামী বুধবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- নারদ মামলায় হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশের আর্জি সিবিআইয়ের, দ্বারস্থ সুপ্রিম কোর্টের 

গত সোমবার নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। তবে এদিন নিম্নতর আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। কিন্তু এদিন রাতেই কলকাতা হাইকোর্ট এই জামিনের উপর স্থগিতাদেশ জারি করে।

এরপর গত বুধবারের শুনানিতেও কোনও মাভ হয় না। এরপর শুক্রবার জোড়া আবেদনের শুনানিতে চার নেতামন্ত্রীর জামিনের বিষয়ে ভিন্নমত পোষণ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের অপর সদস্য তথা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। চার নেতামন্ত্রীকে গৃহবন্দি করার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কিন্তু অন্যদিকে, জামিনের পক্ষে ছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এক মত পোষণ না করতে পারায় নারদ মামলা যায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে।

এর মধ্যেই, গতকাল রবিবার সিবিআই অনলাইনে সুপ্রিম কোর্টে আবেদন জানায়। এদিন হাইকোর্টে শুনানি শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় যে সুপ্রিম কোর্টে এই চার নেতামন্ত্রীদের গৃহবন্দি করার নির্দেশের বিরুদ্ধে পিটিশন দাখিল করা হয়েছে।

এই বিষয়ে সিবিআইয়ের তরফের আইনজীবী তুষার মেহতা জানান যে দুই সদস্যের বেঞ্চের বিরুদ্ধে গতকাল রবিবার সিবিআই পিটিশন দাখিল করেছে। আগামীকাল, মঙ্গলবার এই শুনানির জন্য নথিভুক্ত করার আর্জি জানানো হয়েছে। ফলে আগামী বুধবার পর্যন্ত এই শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। তবে, সিবিআইয়ের এই আর্জির তীব্র বিরোধিতা করেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি।

RELATED Articles