গরমের দাপটে নাজেহাল অবস্থা। রাস্তায় বেরোলেই যেন মনে হচ্ছে ধোঁয়া ওঠা চুল্লির মধ্যে পা রেখেছি। সকাল থেকেই সূর্যের প্রখর তেজ, আর দুপুরে তো আগুন ঝরছে। ঘরে ফ্যান, এসি চালিয়েও যেন স্বস্তি নেই। অনেকেই বলছেন, এমন দাবদাহ বহুদিন দেখা যায়নি। অফিস যাওয়া-আসা বা দৈনন্দিন কাজকর্ম করাই দুঃসহ হয়ে উঠেছে। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই গরমের একই তাণ্ডব।
এই অস্বস্তিকর আবহাওয়া থেকে কবে মিলবে স্বস্তি, সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে। আবহাওয়া দফতর জানাচ্ছে, পরিস্থিতির পরিবর্তন আসতে পারে খুব শীঘ্রই। তবে কেবল ঠান্ডা হাওয়া বা হালকা বৃষ্টি নয়, আসছে প্রবল ঝড়বৃষ্টি। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, আবার কেউ কেউ চিন্তায় পড়েছেন—এই ঝড়বৃষ্টি নতুন কোনো বিপদ নিয়ে আসবে না তো? কারণ, আবহাওয়ার যা পরিস্থিতি, তা থেকে স্পষ্ট—এটি সাধারণ ঝড়বৃষ্টি নয়, বরং প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সঙ্গী হতে চলেছে।
দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে ঝড়বৃষ্টি। বিশেষ করে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়, যা স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতা এতটাই বেশি থাকবে যে গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না।
ঝড়বৃষ্টির বিস্তার কোথায় কোথায়?
বুধবার থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধাপে ধাপে তা উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে। তবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর সতর্ক করেছে, এই সময়ে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় সাধারণ মানুষকে সাবধানে থাকতে হবে। যারা খোলা জায়গায় কাজ করেন, বিশেষ করে চাষিরা, তাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ Lashkar-e-Taiba Financier Killed : হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী খু’ন, পাকিস্তানে সন্ত্রাসবাদীদের উপর রহস্যময় হামলা! কারা রয়েছে এর পেছনে?
কেন এই দুর্যোগ?
আবহাওয়াবিদদের মতে, ছত্তীশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার বায়ুমণ্ডলে। সেই সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন আনছে। এই দুই কারণে ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আগামী কয়েকদিন তীব্র গরমের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে সকলকে।





