কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি! আবহাওয়ার মোড় বদলাবে কবে?

বসন্তের মাঝেই ফের বদলে গেল বাংলার আবহাওয়া। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলছে, আর এর কারণ জোড়া ঘূর্ণাবর্ত। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হলেও রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কিন্তু নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে পরিস্থিতি কোনদিকে মোড় নেবে?

রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। এই আবহাওয়ার কারণে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হবে।

উত্তরবঙ্গে আবহাওয়ার অন্য এক রূপ দেখা যাচ্ছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা সোমবার পর্যন্ত চলতে পারে। সিকিম এবং তার আশপাশের অঞ্চলেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি থাকবে দিনাজপুর ও মালদা জেলায়।

কলকাতায় কেমন থাকবে আজকের আবহাওয়া?

রাজ্যের রাজধানী কলকাতায় রবিবার দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। আকাশ কখনও মেঘলা, কখনও কিছুটা পরিষ্কার থাকবে। ঝোড়ো বাতাস বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা উষ্ণতা থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে।

আরও পড়ুনঃ মহাশিবরাত্রিতে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্রের প্রবেশ! কাদের জীবনে আসবে বিশাল পরিবর্তন?

বৃষ্টির জেরে রাজ্যের অনেক জায়গায় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি বদলাবে। সপ্তাহের প্রথম দিন থেকেই বৃষ্টির পরিমাণ কমে যাবে, শুধু দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক হয়ে যাবে এবং আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরও কয়েকদিন, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles