বগটুই কাণ্ডের রেশ এখনও কাটে নি। এরই মধ্যে গ্রেফতার হলেন হাঁসখালির পঞ্চায়েত সমিতির সদস্য রথীন মল্লিক। তাকে ১৪ সিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে রাণাঘাট মহকুমা আদালত। এই ঘটনাকে ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, রথীন মল্লিকের কাছ থেকে প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তৃণমূল নেতার থেকে উদ্ধার হয় ওয়ান শাটার, এক রাউন্ড গুলি।
বগটুই গণহত্যাকাণ্ডের গত বৃহস্পতিবার সেই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূল অভিযুক্ত আনারুল হোসেনকে গ্রেফতার করার নির্দেশের পাশাপাশি রাজ্যের নানান প্রান্ত থেকে বেআইনি অস্ত্র, বোমা, আগেয়াস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশও দেন তিনি।
আর এরপরই গোটা রাজ্যে তল্লাশি শুরু করে পুলিশ। গতকাল, শুক্রবারই মেদিনীপুর, বীরভূম থেকে শতাধিক বোমা উদ্ধার হয়। আর এবার গ্রেফতার হলেন তৃণমূল নেতা। বলে রাখি, বিরোধীদের অনেকদিন ধরেই দাবী ছিল যে হাঁসখালি এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বেআইনি অস্ত্র মজুত করে রাখা হচ্ছিল দীর্ঘদিন ধরে। তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় আসল সত্য প্রকাশ্যে এল বলে মনে করছে বিজেপি ও সিপিএম। এদিকে আবার, এই ঘটনায় পাল্টা বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।





