নবান্ন অভিযানের আঁচ পড়তে পারে মুখ্যমন্ত্রীর এলাকাতেও, গোটা কালীঘাট চত্বর মুড়ল কড়া নিরাপত্তায়, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় ছাত্র সমাজ। পুলিশ অনুমতি দেয় নি এই কর্মসূচির। নবান্নগামী নানান রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। কিন্তু মিছিলকে আটকানো যায়নি। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। এবার জানা যাচ্ছে, কালীঘাটেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এদিন মিছিলের শুরুতেই আন্দোলনকারীদের উপর জলকামান ছোঁড়া শুরু করে পুলিশ। এরপর ফাটানো হয় একের পর এক কাঁদানে গ্যাসের শেল। এক পর্যায়ে গিয়ে লাঠিচার্জও করে পুলিশ। পাল্টা জবাব দেয় আন্দোলনকারীরাও। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। অনেক পুলিশ কর্মীই আহত হয়েছেন এর ফলে।

এদিন এই আন্দোলনের রেশ ছড়ায় বাবুঘাটেও। সেখানেও আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান। পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পুলিশের উপর হামলাও করা হয়। নানান জায়গায় ছড়িয়ে গিয়েছে এই আন্দোলন। পুলিশ যেমন লাঠিচার্জ করতে থাকে, তেমনই পাল্টা পুলিশকে লক্ষ্য করে আবার ইট-পাটকেল মারতে থাকে আন্দোলনকারীরাও।

লবাজার সূত্রে খবর, এদিনের এই নবান্ন অভিযানের আঁচ পড়তে পারে হরিশ চ্যাটার্জি স্ট্রীটে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হতে পারে বলেন সূত্রের খবর। যদিও আজ সকালেই মুখ্যমন্ত্রী নবান্নে গিয়েছেন। তবে এই আন্দোলন তাঁর বাড়ির সামনেও দেখানো হতে পারে বলে খবর মিলেছে।  

জানা গিয়েছে, গতকাল, সোমবার রাত ৮টা থেকে শালিমার, খিদিরপুর, এফসিআই–সহ জরুরি পরিষেবা ছাড়া সব লরি যাতায়াত নিষিদ্ধ করা হয়। আন্দুল রোডের আলমপুর, কোনা রোডের নিবড়া থেকে গাড়ি নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে । এমন আবহে আশঙ্কা, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হতে পারে।

আরও পড়ুনঃ আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস-জলকামান, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক বিজেপির

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাতে কোনও ধরণের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে কালীঘাট চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। নবান্নকে যেমন দুর্গ বানিয়ে রাখা হয়েছিল, তেমনই মুখ্যমন্ত্রীর বাড়ির চারদিক এলাকাও নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। কোনও মিছিলই যাতে এই ঘেরাটোপ ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছতে না পারে, সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে খবর।  

RELATED Articles