মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে ঘটে গেল এক বড়সড় বিভ্রাট। আজ, মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। কিন্তু এদিন জীবন বিজ্ঞানের জায়গায় ভুল করে ইতিহাসের প্রশ্নপত্র চলে যায় দক্ষিণ দিনাজপুরের তপনের ভাইওর জালালিয়া হাইস্কুলে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে প্রশ্নপত্রের বক্স খুলতেই ধরা পড়ে বিষয়টি।
এরপরই তড়িঘড়ি সমস্ত প্রশ্নপত্র বাক্সবন্দি করে তপন থানায় নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। সেখানে আনা হয় জীবন বিজ্ঞানের প্রশ্ন। অবশেষে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ওই স্কুলে জীবন বিজ্ঞান পরীক্ষা শুরু হয়।
এই গোটা বিষয়টি সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, পরীক্ষার্থীদের ইতিহাসের প্রশ্ন বিলি করা হয়নি। প্রশ্নপত্রের বক্স খোলার সময়ই প্রশ্নপত্র দেওয়ার আগেই ধরা পড়ে যায় গন্ডগোল।
এই প্রশ্ন বিভ্রাটের কথা জানানো হয়নি পরীক্ষার্থীদের। এমন বিভ্রাটের কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়না পরীক্ষা। এর জেরে আতঙ্ক ছড়ায়। তবে পরীক্ষা ১০ মিনিট দেরিতে শুরু হওয়ায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। এমন ঘটনা নিয়ে কোনও বাক্যব্যয় করে নি ভাইওর জালালিয়া হাইস্কুল কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ বা জেলা স্কুল পরিদর্শকও এই ঘটনা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন।
এই বিষয়ে এক অভিভাবক বলেন, “আমরা বাইরে দাঁড়িয়ে শুনতে পাই যে জীবন বিজ্ঞান পরীক্ষার দিন ইতিহাসের প্রশ্ন চলে এসেছে। তাই ১২টার বদলে দশ মিনিট পর থেকে পরীক্ষা শুরু হয়েছে। পড়ুয়াদের অতিরিক্ত সময় দেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ”।





