এক একটি ভিডিওর View মিলিয়নের উপর, ফেসবুক থেকে কত টাকা আয় করেন মদন মিত্র? নিজেই জানালেন ‘কালারফুল’ বিধায়ক

এমনিতে তিনি বেশ জনপ্রিয়। আর সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তার কথাও কারোর অজানা নয়। ‘মদন মিত্র লাইভে’ একপ্রকার ভিড় জমান নেটিজেনরা। ‘কালারফুল’ বিধায়ক মদন মিত্রের গলায় ‘ওহ লাভলি’ এখন বাঙালিদের যেন প্রিয় শব্দ। ফেসবুক থেকে ইউটিউব, সব জায়গাতেই উপচে পড়া ভিড় দেখা যায় তাঁর জন্য। সেই সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা উপার্জন করেন কামারহাটির বিধায়ক?

বর্তমান প্রজন্মের কাছে টাকা উপার্জনের এখন একটা অন্যতম পন্থা হল সোশ্যাল মিডিয়া। ইউটিউব, ফেসবুকে নানান ভিডিও পোস্ট করে সেখান থেকে উপার্জনের রাস্তা খুঁজে নিয়েছেন অনেকেই। এই ভার্চুয়াল দুনিয়াই বলছে, মদন মিত্র কিন্তু সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় সেলেব্রিটি। ফেসবুকে তাঁর ফলোয়ার্স সংখ্যা ৬৬৪ হাজার। তাঁর কিছু কিছু ভিডিওতে ভিউ কয়েক মিলিয়ন। স্বাভাবিকভাবেই অনেকের মনেই কৌতূহল জাগে এটা জানার যে সোশ্যাল মিডিয়া থেকে মদন মিত্র কত টাকা আয় করেন?

এক সংবাদমাধ্যমে মদন মিত্র জানান যে তাঁর সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে যে সমস্ত ভিডিও পোস্ট করা হয়েছে তাতে লক্ষ লক্ষ ভিউ হতে পারে। কিন্তু তা থেকে এখনও পর্যন্ত কোনও উপার্জন করেননি তিনি। কামারহাটির বিধায়ক জানান যে তাঁর ফেসবুক এবং ইউ টিউবে Monetization বন্ধ করা। তবে ২০২২ সালে নতুন ভাবে কী সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন মদন?

বিধায়কের কথায়, “এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে পেশাগতভাবে ব্যবহার করিনি। কিন্তু, নতুন বছরে ইউ টিউব থেকে অর্থ উপার্জনের কথা ভাবছি। কিন্তু, সেই অর্থ কোনওভাবেই নিজের কাছে রাখব না। অনাথ শিশুদের হাতে তুলে সোশ্যাল মিডিয়া সাইট থেকে রোজগারের পুরো অর্থই”।

মদন মিত্র আরও বলেন, “ইউটিউব মানিটাইজ করার বিষয়ে ইতিমধ্যেই অনেকটা এগিয়েছি। আগে আমার ইউটিউব ভিডিওতে ভিউয়ের উপর ভিত্তি করে দিনে আট থেকে দশ হাজার টাকা দিতে চেয়েছিল। কিন্তু, আমি নিইনি”।

নতুন বছরে শিশুদের জন্য কিছু করতে চান বলে জানান বিধায়ক। তাঁর কথায়, ‘কামারহাটি উন্নয়ন সোসাইটি’-তে নিজের উপার্জনের একটা বড় অংশ দান করেন তিনি। সেই অর্থেই সেখানে স্কুল তৈরি হয়েছে। মদন মিত্র আরও জানান যে এলাকাবাসীর উন্নতির স্বার্থে আগামীদিনেও আরও কাজ করতে চান তিনি।

RELATED Articles