প্রথমে পরীক্ষা হবে বললেও, করোনার জেরে পশ্চিমবঙ্গে বাতিল হয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে একাধিক রাজ্যে বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হয়ে গেছে সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। এ ঘটনায় কার্যত সন্তোষ প্রকাশ করেছে দেশের রাজনৈতিক মহল থেকে সুপ্রিম কোর্ট। আর এবার সেই পথেই হেঁটে পশ্চিমবঙ্গে বাতিল হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার মূল্যায়ন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সাত দিনের মধ্যেই বলে জানানো হয়েছে।
এদিন অর্থাৎ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পড়ুয়া, অভিভাবক ও আমজনতার কাছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল, তাতে ৮৩ শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিক বাতিলের পক্ষে ছিলেন। বলেন, ‘রাজ্যের প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টেরও একটা পর্যবেক্ষণও আছে। বিশেষজ্ঞ কমিটিও বলেছে যে এই সময় পরীক্ষা নেওয়া উচিত নয়। যেহেতু মহামারী চলছে, অনেক স্কুল সেফ হাউস হয়ে গিয়েছে। নানা রকম ব্যাপার আছে। তাই আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।’
তবে মূল্যায়ন অবশ্যই হবে। তবে কীভাবে মূল্যায়ন কীভাবে হবে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উচ্চ শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দফতরের আলোচনার ভিত্তিতে আগামী সাতদিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু মূল্যায়ন হবে, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ শিক্ষা সংসদ এবং শিক্ষা দফতর একসঙ্গে বসে সেটা দেখে নেবে। বিশেষজ্ঞ কমিটিরও মত আছে। তবে দেখে নিতে হবে, পরীক্ষার্থীদের যেনও কোনও অসুবিধা না হয়।’





