তালাবন্ধ করে রেখেছিল শ্বশুরবাড়ির লোক, জানলা দিয়ে পালিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল পড়ুয়া, সাহায্যের হাত পুলিশের

এক বছর আগে বিয়ে হয়েছিল মেয়েটির। পড়াশোনা করতে ভালোবাসে সে। তাই শত বাধা থাকলেও জেদ করে পড়াশোনা ঠিক চালিয়ে যাচ্ছিল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় ঘটল বিপত্তি। তাকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দেয় মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন। ঘরে তালা বন্ধ করে রেখে দেয়। শেষে কোনও উপায় না দেখে জানলা দিয়ে পালিয়ে পুলিশের দ্বারস্থ হয় সে। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় ওই উচ্চমাধ্যমিক প্রার্থী।  

স্থানীয় সূত্রে খবর, ওই পড়ুয়ার নাম সুলতানা খাতুন। তাঁর বাড়ি মুর্শিদাবাদের তিলডাঙায়। এক বছর আগে ফরাক্কা থানার বিন্দুগ্রামে বিয়ে হয় সুলতানার। উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর অভিযোগ, আজ, বৃহস্পতিবার সকালে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়িতে তালা বন্ধ করে রেখে বন্দি করে রাখতে চেয়েছিল। সেই সময় কোনওভাবে বাড়ি থেকে পালিয়ে ফরাক্কা থানায় পৌঁছয় সে।

সুলতানার সমস্ত কথা শোনেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। সুলতানা জানায় যে সে যাতে পরীক্ষা না দিতে পারে, তার জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর অ্যাডমিট কার্ড ও অন্যান্য কাগজপত্র ফেলে দিয়েছে।

এলথা শোনার পরই পুলিশ সুলতানার শ্বশুরবাড়ি যায়। কিন্তু বাড়িতে তালা দেওয়া ছিল। অনেক খোঁজাখুঁজির পর পাশের জঙ্গল থেকে সুলতানার অ্যাডমিট কার্ড ও ব্যাগ খুঁজে পায় পুলিশ। এরপর পুলিশই সুলতানাকে তার পরীক্ষাকেন্দ্র নিউ ফরাক্কা হাইস্কুলে পৌঁছে দেয়।

আইসি দেবব্রত চক্রবর্তী জানান, “একদম সকালে মেয়েটি এসেছে। বলল শ্বশুরবাড়ির লোকজন ওর পোশাক, বই, অ্যাডমিট কার্ড সব নিয়ে তালা মেরে দিয়েছে। ওকেও বন্ধ রাখতে চেয়েছিল। এরপর আমি ওদের স্কুলের শিক্ষককে ফোন করি। আমরা ওর শ্বশুরবাড়ি যাই। দরজায় দেখি তালা মারা। এরপর একটি ছেলে আমাদের জানায় ওর স্বামী জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে গেছে। সেই মতো আমরাও জঙ্গলের রাস্তা ধরে এগোই। তখন দেখি এখটি ব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগের ভিতর মেয়েটির অ্যাডমিট কার্ড রয়েছে। তবে স্কুল ইউনিফর্মটা এনে দিতে পারিনি”।

সুলতানার কথায়, “আমি পড়তে ভালবাসি। আমার স্বামী আমাকে পরীক্ষা দিতে দিচ্ছে না। আমি এসে থানায় জানাই। পুলিশ আমায় অনেক সাহায্য করে”।

আরও অন্যান্য খবর