Humayun Kabir : বাবরি শিলান্যাসের ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াইসির সঙ্গে যোগাযোগ! AIMIM–এর হাত ধরছেন হুমায়ুন?

মুর্শিদাবাদের রাজনীতিতে যেন আচমকাই চুলচেরা বিশ্লেষণের হাওয়া। একদিকে ধর্মীয় অনুষ্ঠানের ভিড়, অন্যদিকে রাজনৈতিক সমীকরণ নিয়ে গোপন কথাবার্তা—সব মিলিয়ে জেলায় উত্তেজনার পারদ বেশ খানিকটাই চড়েছে। বিশেষ করে বেলডাঙার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

শনিবার বেলডাঙায় মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো ভিড়। বারো নম্বর জাতীয় সড়কের ধারেই তৈরি হয় সেই মঞ্চ। স্থানীয় অনেকেই সারি সারি ইট নিয়ে এসে দান করেন। আর ঠিক সেখানেই বক্তব্য রাখতে গিয়েই হঠাৎ বদলে যায় পরিস্থিতির রং। রবিবার সামনে আসে আরও বড় খবর—আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নাকি জোট বাঁধতে চান আসাউদ্দিন ওয়াইসির AIMIM-এর সঙ্গে। দাবি নিজেই করেছেন হুমায়ুন। উদ্দেশ্য—রাজ্যে বিজেপি এবং তৃণমূল উভয়কে টক্কর দেওয়া।

হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াইসির কাছে তিনি নিজে থেকে জোটের প্রস্তাব পাঠিয়েছেন। তাঁর বক্তব্য ঘিরেই ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে তুঙ্গে জল্পনা। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই AIMIM-এর সঙ্গে হাত মিলিয়ে মাঠে নামেন হুমায়ুন, তাহলে মুর্শিদাবাদের অনেক আসনেই সমীকরণ বদলে যেতে পারে। বিশেষ করে তৃণমূলের জয় পাওয়া কঠিন হতে পারে বলে অনেকে মনে করছেন।

শিলান্যাসের মঞ্চ থেকে হুমায়ুনের কণ্ঠ ছিল আরও তেজি। তিনি বলেন, “এই মসজিদের ইট কাউকে খুলতে দেব না। দেখি কে হিম্মত দেখায়!”এরপরই বলেন, “ধর্মের প্রতি আমাদের আস্থা আছে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু কেউ যদি ইট খুলতে আসে… শহিদ হব, তবুও দেব না।” এমন বক্তব্যের পর অনুষ্ঠানস্থলে উত্তেজনা বাড়ে। হুমায়ুনের দাবি, অন্য রাজ্য থেকে এসে কেউ যদি গায়েবি নির্দেশে ইট খুলতে আসে, মুর্শিদাবাদ তা মেনে নেবে না।

মসজিদের এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। হুমায়ুন জানিয়েছেন, দেশের একজন শিল্পপতি তাঁকে ফোন করে ৮০ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি জানার পর আরও আত্মবিশ্বাসী শোনায় তাঁর কণ্ঠ। তিনি বলেন, “বাবরি মসজিদ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়—সবই হবে। কারও হাতে রুখে দেওয়ার ক্ষমতা নেই।”

আরও পড়ুনঃ Humayun Kabir : “মমতাকে চূর্ণ করব”—এবার পদত্যাগ থেকেও সরে দাঁড়ালেন হুমায়ুন!মমতাকে আক্রমণ করে হুমায়ুনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি!

হাইকোর্টও স্পষ্ট করে জানিয়েছে—মসজিদ নির্মাণ অসাংবিধানিক নয়। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার নির্দেশও রয়েছে আদালতের পর্যবেক্ষণে। ফলে প্রশাসনিক দিক থেকেও নির্মাণ কর্মসূচির পথে বিশেষ বাধা নেই। সব মিলিয়ে শিলান্যাসের একদিন পরই রাজনৈতিক ময়দানে হুমায়ুনের নতুন ইঙ্গিত—মুর্শিদাবাদের ভোট রাজনীতিতে যে আরও নাটকীয়তা তৈরি করবে, তা বলাই যায়।

 

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles