আসন্ন নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে এয়ার ইন্ডিয়ার একাংশ কর্মীকে বিনা বেতনে পাঁচ বছরের জন্য ছুটিতে পাঠানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে ‘নির্বাচনী’ হুমকি দিলেন তিনি। বৃহস্পতিবার নবান্নে ডাকা সাংবাদিক বৈঠকে তিনি নিজের বক্তব্যে বলেন, ‘কীভাবে পাঁচ বছর বেতন ছাড়াই কর্মীদের ছুটিতে পাঠাতে পারে এয়ার ইন্ডিয়া?
এরপরই নাম না করে কেন্দ্রকে উদ্দেশ্য করে তার হুঁশিয়ারি সামনের পাঁচ বছরে ভোটের বছরও আছে। ভুলে যাবেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের লড়াইয়ের আর্জি জানাচ্ছি। বিজেপির শ্রমিক সংগঠনকেও আত্মসমর্পণ না করার অনুরোধ জানাচ্ছি।’
একইসঙ্গে কোল ইন্ডিয়া, রেলের মতো সংস্থায় বেসরকারি বিনিয়োগের দরজা যে ভাবে খুলে দেওয়া হচ্ছে তাতে করে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানান মমতা। তিনি বলেন, ‘শ্রমিকদের জন্য শ্রম আইন আছে। কীভাবে ওঁরা সব কর্মীদের গুঁড়িয়ে দিতে পারে? বর্তমান পরিস্থিতিতে আপনারা (এয়ার ইন্ডিয়া হলেও আদতে কেন্দ্রের উদ্দেশ্যে) বলতে পারেন যে পাঁচ বছর বেতন দেওয়া হবে না? মানুষ টাকা চান। হকার থেকে ভাগচাষি – সবাই নগদ চান। কিন্তু নগদের জোগান নেই। ওঁদের লজ্জা হওয়া উচিত। ওরা কীভাবে মানুষের থেকে চাকরি ছিনিয়ে নিতে পারে? কীভাবে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দিতে পারে? এমনকী অভিজ্ঞ অর্থনীতিবিদরাও সাধারণ মানুষের হাতে টাকা দিতে বলছেন।’
মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, সরকারের দায়িত্ব হল সাধারণ মানুষের ভালোমন্দের দেখভাল করা। কিন্তু উলটে ভয়ের আবহ তৈরি করেছে বিজেপি সরকার। তাঁর কথায়, ‘গণতান্ত্রিক শাসনে এটা কি গণতান্ত্রিক সরকার কাজ করছে? যদি বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, তাহলে কিন্তু সবকিছু শেষ।





