করোনা আতঙ্কে গোমূত্র খেয়ে অসুস্থ ব্যক্তিই বললেন ‘খুব ভুল করেছি’

দেশে করোনার প্রকোপ বাড়তেই জায়গা নিয়েছে গুজব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে দাবানলের মত। ‘একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর’-কে সত্যি করতে পথে নেমেছে বিজেপি। গোমূত্র পান করলেই নাকি করোনা ভাইরাস ধারেকাছেও ঘেঁষবে না, ঠিক এই কথাই প্রচার করছেন কিছু বিজেপি নেতা আর স্বভাবভীরু মানুষও এই ফাঁদে পা দিচ্ছেন। সম্প্রতি এই গোমূত্র খাওয়ার খেসারত দিতে হল ঝাড়গ্রামের শিবু গরাই (৪২) কে।

ঝাড়গ্রাম শহরের চার নম্বর ওয়ার্ডের জামদা এলাকায় থাকেন শিবু। বাড়িতেই কাপড়ের দোকান রয়েছে তাঁর। স্ত্রী, দুই ছেলে নিয়ে সংসার। কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন তিনি। ফেরার সময়ে সেখান থেকে ১৮০ টাকা দিয়ে কিনে আনেন গোমূত্রের শিশি। তাতে লেখা ‘গো-আরক’। বিক্রেতা তাঁকে বুঝিয়েছিলেন, এই গোমূত্র এক থেকে দুই ছিপি নিয়মিত খেলে শরীরের রক্ত দোষ কাটে। করোনা-সহ নানা রকম শারীরিক ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। চারিদিকে করোনা ভাইরাস নিয়ে শোরগোলের কথা শুনে সরল বিশ্বাসে তিনি মঙ্গলবার সন্ধ্যায় এক ছিপি ‘গো আরক’ খান। তার পরেই শরীরে নানা অস্বস্তি শুরু হয়। গলা ও বুক জ্বলতে থাকে। শিবুকে পরিজনেরা তৎক্ষণাৎ নিয়ে যান ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে। শারীরিক অবস্থা দেখে শিবুকে ভর্তি করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

বুধবার শিবু বলেন, ‘‘পরিবারে আমিই রোজগেরে। তাই আমার করোনা হলে ব্যবসা লাটে উঠবে, এমন আশঙ্কাতেই গোমূত্রের আরক খেয়েছিলাম। অন্ধবিশ্বাসে ভে‌বেছিলাম, প্রতিষেধকের কাজ করবে। অসুস্থ হয়ে বুঝেছি কী ভুল করেছি।’’

করোনা-আতঙ্কে ‘গো-আরক’ খেয়েছিলেন। গলা ও বুকে ব্যথা নিয়ে আপাতত তাঁর ঠাঁই হয়েছে জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। মেডিসিন ওয়ার্ডে জায়গা মেলেনি। তাই মেঝেই ভরসা। এখন তিনি বলছেন, ‘‘খুব ভুল করেছি। করোনা ঠেকাতে আমার মতো আর কেউ যেন গোমূত্র পান না করেন।’’

RELATED Articles

Leave a Comment