বাম কংগ্রেসের এখনও জোট নিয়ে চলছে নানান চর্চা, আলোচনা। আসন নিয়ে সমঝোতা মেটেনি এখনও। তবে এই জোটের পথ খোলা রেখেই এবার প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ। ৮টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ডায়মন্ড হারবারের প্রার্থী কে? যা নিয়ে বেশ চাপা উত্তেজনা কাজ করছে সকলের মধ্যেই।
কোন কোন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হল?
জানা গিয়েছে, মালদহ উত্তর থেকে আইএসএফের টিকিটে লড়ছেন মহম্মদ সাহেব। মুর্শিদাবাদ থেকে লড়ছেন হাবিব শেখ, জয়নগর থেকে লড়ছেন মেঘনাদ হালদার, বসিরহাট থেকে লড়ছেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা, বারাসত থেকে লড়ছেন তাপস বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর থেকে শাহরিয়ার মল্লিক, মথুরাপুর থেকে লড়ছেন অধ্যাপক অজয় কুমার দাস, আর ঝাড়গ্রাম থেকে লড়ছেন অধ্যাপক বাপি সরেন।
আপাতত এই ৮টি কেন্দ্র থেকেই প্রার্থী ঘোষণা করা হয়েছে আইএসএফের তরফে। যাদবপুর ও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেও আইএসএফ প্রার্থী দারাবেনলে জানা যাচ্ছিল। কিন্তু এদিনের তালিকায় ওই দুই কেন্দ্রের নাম মেলেনি। সূত্রের খবর, বাম ও কংগ্রেসের সঙ্গে জোটের স্বার্থেই এই দুই কেন্দ্রে নাম দেওয়া হয়নি এখনও পর্যন্ত।
যদিও যাদবপুর কেন্দ্র থেকে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে বামেরা। সেখান থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য। শোনা যাচ্ছিল, ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন নওশাদ সিদ্দিকি নিজেই। তিনি নিজেও জানিয়েছেন যে তিনি ওই কেন্দ্র থেকে লড়তে চান। অভিষেকের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত তিনি। তবে এখনও তাঁর দলের তরফে কোনও সিদ্ধান্ত নিশ্চিত করা হয়নি বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত বামেদের তরফে ১৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শ্রীরামপুর থেকে বামেদের হয়ে লড়ছেন দীপ্সিতা ধর। যদিও সেখানে আজ প্রার্থী দিয়েছে আইএসএফ। ফলে সেখানে বাম ও আইএসএফ মুখোমুখি হবে। বাম ও নওশাদের দলের তরফে কিছু প্রার্থী ঘোষণা করা হলেও, কংগ্রেসের তরফে এখনও কোনও প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি।





