আগামীকাল, শনিবার মালদায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বর্তমানে কৃষক আন্দোলনের জেরে প্রভাবিত হচ্ছে রাজনীতি। সেই পরিস্থতি খানিকটা সামাল দিতেই নাড্ডার আগামীকালের কর্মসূচী হবে কৃষকদের কেন্দ্র করেই। এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ মালদায় নামবেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর সোজা যাবেন ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে নানান গবেষক ও কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি।
এরপর সাহাপুর মাঠে আড়াই হাজার কৃষকদের সঙ্গে ভোজন সারবেন নাড্ডা। ভোজনে থাকবে খিচুড়ি। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বিজেপি জে চাল সংগ্রহ করেছে, সেই চাল দিয়েই হবে আগামীকালের ভোজনের প্রস্তুতি। এদিনই মুষ্টিভিক্ষা কর্মসূচীর সমাপ্তি ঘটবে বলে মনে করা হচ্ছে। আগামীকালের এই সফরে নাড্ডা আড়াই হাজার কৃষকের সঙ্গে আলোচনা সারবেন। কৃষকদের কৃষি সরঞ্জাম ও উৎপাদিত ফসলের এদিন প্রদর্শনী হবে বলে জানা গিয়েছে।
এরপর সভা শেষ করে রোড শো করবেন নাড্ডা। এদিন মালদার অফিস মোড়ে শ্যামাপ্রসাদের মূর্তি থেকে শুরু হবে রোড শো। এক কিলোমিটার রোড শো করে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে শেষ হবে এই পদযাত্রা। এদিনের এই রোড শো-তে রাস্তায় বিজেপি সমর্থকদের ঢল নামবে। এদিন রোড শো শেষ করে জে পি নাড্ডা যাবেন নবদ্বীপ। সেখানে হবে বিজেপি রথযাত্রা।
এদিকে, ৬ থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ, জয় হিন্দ বাহিনী, ও যুব তৃণমূলের বিভিন্ন কর্মসূচী রয়েছে বলেও জানা গিয়েছে। আগামী ১০ই ফেব্রুয়ারি মালদা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, আগামী মাসেই ফের মালদা সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের আগেই মালদা সফর করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।





