সত্যিই নজিরবিহীন। মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ীই আগামী ৭ই মার্চ রাত ২টোর সময় বাজেট অধিবেশন শুরু করার ঘোষণা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ, বৃহস্পতিবার সকালে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে ডেকে পাঠান রাজ্যপাল।
আর এরপরই নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে রাজ্যপাল লেখেন, “মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হল। ওই সময়ে বিধানসভার অধিবেশন শুধু ব্যতিক্রমী নয় ঐতিহাসিক। কিন্তু এটাই সরকারের সিদ্ধান্ত”।
পরে আরও একটি টুইট করে মধ্যরাতে অধিবেশন ডাকার ব্যাখ্যা দেন জগদীপ ধনখড়।সেই টুইটে তিনি লেখেন, “মধ্যরাতের অধিবেশনের সময় এর সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ করেই মুখ্যসচিবকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছিল। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছি”।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মনে হয় এটা কোনও টাইপোগ্রাফিক্যাল ভুল। আশা করি সরকার আলোচনা করে বিষয়টি ঠিক করে নেবে। কিন্তু রাজ্যপাল এই ভুল দেখে তিনি রাজ্য মন্ত্রিসভার কাউকে বলতেই পারতেন”।
তিনি আরও বলেন, “যদি নতুন সমন আমার কাছে না আসে তাহলে আমাকে রাতেই অধিবেশন ডাকতে হবে”। বলে রাখি, এর আগে সিদ্ধার্থশঙ্কর রায়ের সময় একবার বিধানসভার অধিবেশন বসেছিল সন্ধ্যাবেলা। কিন্তু মাঝরাতে বিধানসভার অধিবেশন পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন।
বাজেট অধিবেশন নিয়ে বিধানসভা আগে থেকেই তৈরি ছিল। বাজেট অধিবেশন শুরু করার জন্য যে ফাইলটি প্রথমে রাজভবনে পাঠানো হয়, তাতে মন্ত্রিসভার অনুমোদন ছিল না। এই কারণে সেই ফাইল ফিরিয়ে দেন রাজ্যপাল। এরপর গত ২১শে ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে অধিবেশন শুরু করার ফাইল পাশ করিয়ে পাঠানো হয় রাজভবনে। সেই ফাইলেই পাঠানো সিদ্ধান্তে সিলমোহর দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন জগদীপ ধনখড়।





