সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা, তীব্র আক্রমণ রাজ্যপালের

আবার‌ও সংঘাত, ফের বাক-আক্রমণ। মুখ্যমন্ত্রী পত্রবাণের পর এবার রাজভবন থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন রাজ্যপাল (governor) জগদীপ ধনকড়। নিজের বক্তব্যে তিনি বললেন, “সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা।” একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজির (DG) আচরণ নিয়েও তীব্র কটাক্ষ‌ও করলেন।

আজ অর্থাৎ সোমবার দুপুরে রাজভবন থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তিনি বলেন, “সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা। ক্ষমতার অলিন্দে বসে রয়েছে হার্মাদরা।” এরপরই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “ক্ষমতার অলিন্দে হার্মাদদের অনুপ্রবেশ বন্ধ করুন।” মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আইন ভাঙছেন বলে মন্তব্যও করেন তিনি। ক্ষোভের সুরে জানান, “মুখ্যমন্ত্রী কোন প্রশ্নেরই জবাব দেন না”। তাঁর কথায়, “বাণিজ্য সম্মেলন থেকে গণবন্টন, কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে জবাব পাওয়া যায় না। কোথায় যাচ্ছি আমরা!” একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়-এর উত্তর না দেওয়ার কারণও এদিন ব্যাখা করেন ধনকড়। তাঁর কথায়, “উনি চান মানুষ যাতে তথ্য না পায়, সেই জন্যই উপেক্ষা করেন।”

ফের একবার রাজ্যপালের নিশানায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। উদ্বেগজনক পরিস্থিতি বলে মন্তব্য করে রাজ্য পুলিশকে একহাত নেন ধনকড়। বলেন, “শাসকদলের অনুগত পুলিশ, রাজ্য পুলিশের উপর নির্ভরশীল, তা স্পষ্ট। আর নিজের ভূমিকা পালনে ব্যর্থ পুলিশ। তা সর্বদা রাজনৈতিক প্রতিপক্ষদের দরজায় কড়া নাড়ছে। সবক্ষেত্রে নজরদারি চলছে। বাংলায় যা চলছে তা নৈরাজ্য ছাড়া আর কী! গণতন্ত্র আর পুলিশরাজ একসঙ্গে চলতে পারে না।”

এরপরই রাজ্য ডিজিকে কড়া আক্রমণ করেন রাজ্যপাল। তিনি বলেন, “রাজ্যের ডিজি কীভাবে এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারেন, বিশ্বাসই করতে পারছি না।” এরপরই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে ওনার সাংবিধানিক দায়িত্ব মনে করাতে চাই। রাজ্যপালের দায়িত্ব সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে। আমি কারও রাবার স্ট্যাম্প নই।”

RELATED Articles

Leave a Comment