‘বাংলা জিততে গেলে আগে বাংলার মানুষের হৃদয় জিতুন’, অমিত শাহ্‌’র বাংলা সফরের পরই বিতর্কমূলক টুইট জিতেন্দ্রর, অস্বস্তিতে বিজেপি

আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। এরপরই জিতেন্দ্র তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে তৃণমূলের নানান সামাজিক প্রকল্পের কারণে আমজনতা খুবই উপকৃত হয়েছে। আর এই কারণেই আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল বড় ব্যবধানে জিতেছে।

সেই সময় জিতেন্দ্র তিওয়ারির এমন পোস্ট স্বভাবতই বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছিল গেরুয়া শিবিরকে। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র বাংলা সফরের পরই তিনি যে নতুন টুইট করলেন, তার জেরে ফের নতুন করে নিজের দলকে অস্বস্তিতে ফেললেন বিজেপি নেতা।

আজ, রবিবার টুইট করে জিতেন্দ্র তিওয়ারি লেখেন, “‌বাংলায় জিততে চান? আগে বাংলার মানুষের হৃদয় জিততে শিখুন”। তবে তাঁর এই টুইট আসলে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তা নিয়ে স্পষ্ট করে কিছু অবশ্য তিনি বলেন নি। তবে অমিত শাহ্‌’র সফরের পরই জিতেন্দ্রর এমন টুইট যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

https://twitter.com/JitendraAsansol/status/1523177427585093632?t=cvft6lGWMBhNN-gH1M3JGw&s=19

সূত্রের খবর অনুযায়ী, জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠমহল বলছে, তিনি যে কাজ করতে বিজেপিতে এসেছিলেন, তা নাকি তিনি করতে পারছেন না। তাঁর নিজের সংগঠনই ভেঙে গিয়েছে বলে দাবী। এমনও শোনা গিয়েছে যে শুভেন্দু অধিকারীকে অনুসরণ করেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, সেই বিরোধী দলনেতা এখন নিজেকে নিয়েই ব্যস্ত। এর জেরে জিতেন্দ্র নাকি সবদিক থেকেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন।

এবার তাহলে প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কী তৃণমূলেই ফের ফুরে যাবেন জিতেন্দ্র তিওয়ারি? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। বলে রাখি, পাণ্ডবেশ্বরের এই প্রাক্তন বিধায়কের কেন্দ্রেই তৃণমূল রেকর্ড ভোট পেয়েছে। এই কেন্দ্র থেকে ৯৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিল ঘাসফুল শিবির। দু’বারের জেতা আসন বিজেপির হাতছাড়া হয়ে যাওয়ায় দলের অন্দরেও বেশ গুঞ্জন শুরু হয়েছিল। আর এমন আবহে আবার জিতেন্দ্র তিওয়ারির এমন তাৎপর্যপূর্ণ টুইট নিয়ে শুরু হল জলঘোলা।

RELATED Articles