ভয়াল ভাইরাস করোনায় রোগীদের সেবা করতে গিয়ে যদি কোনও সরকারি কর্মী, স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের মৃত্যু হয় তাহলে তাঁদের পরিবারের ১ জনকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে এমনটাই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মান জানাতে রাজ্য সরকারের এই উদ্যোগ!
মুখ্যমন্ত্রী জানান, করোনাযোদ্ধাদের সম্মান জানাতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের ১ জনকে পশ্চিমবঙ্গ সরকার চাকরি দেবে। বুধবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। কোথায় কী ভাবে চাকরির ব্যবস্থা করা হবে তা ঠিক করবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থসচিব বলে জানান মুখ্যমন্ত্রী!
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, পশ্চিমবঙ্গে করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে এখনও পর্যন্ত ৪১৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও প্রশাসনিক কর্মী ও আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, এঁদের মধ্যে ৪০৩ জন সুস্থ হয়ে উঠলেও মৃত্যু হয়েছে ১২ জনের।
আক্রান্তদের মধ্যে ২৬৮ জন পুলিশকর্মী, ৩০ জন চিকিৎসক, ৪৩ জন নার্স, ৬২ জন সরকারি কর্মচারী রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এককালীন অনুদান ও আক্রান্তদের ১ লক্ষ টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার।





