দুই কৃষকের মাঝে বসে গরমাগরম খিচুড়ি সহযোগে মধ্যাহ্নভোজ সারলেন জে পি নাড্ডা

বিজেপির সর্বভারতীয় সভাপতি আজ মালদায় পরিবর্তন রথযাত্রার সূচনা করেছেন। আর তাঁর কর্মসূচির আগে আজ মালদায় বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। গতকাল রাতেই ইংরেজবাজারের ফোয়াড়া মোড়ে জেপি নাড্ডার নামের ব্যানার, প্ল্যাকার্ড খুলে নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

আজ ফোয়াড়া মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।  অন্যদিকে, আজ‌ই কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সকাল ১১ টায় মালদায় গান্ধী মূর্তির পাদদেশে নীরব প্রতিবাদ জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

বাংলায় বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনার আগে আজ মালদার শাহাপুরের মাঠে কৃষকদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজন সারেন জেপি নাড্ডা। ২ হাজার কৃষকের সঙ্গে এক পাতে বসে খিচুড়িও খান তিনি। সেই খাবার তাঁর যথেষ্ট ভালোও লাগে বলে জানান। 

প্রসঙ্গত তাৎপর্যপূর্ণ, অমিত শাহ্, জেপি নাড্ডা সহ বিজেপি নেতারা এর আগেও আদিবাসী, বাউল, কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন করেছেন।

এবার একসঙ্গে এতজন কৃষকের সঙ্গে এক পাতে বসে এই সময় একজন সর্বভারতীয় বিজেপি নেতার খাওয়াটা একটু বেশিই প্রাসঙ্গিক কারণ দিল্লিতে এই একই সময়ে চলছে ব্যাপক কৃষক বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে যখন তীব্র আন্দোলন চালাচ্ছে পাঞ্জাবের কৃষকরা তখন বাংলার কৃষকরা সেই বিজেপি নেতার সঙ্গে সারছেন মধ্যাহ্নভোজন।

RELATED Articles