JP Nadda Bengal Visit: শনিবার কাটোয়ায় আসছেন জে পি নাড্ডা, সরগরম রাজ্য রাজনীতি!

চলে এসেছে ২০২১, বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা! বিজেপি যেমন এবার ঝাঁপিয়ে পড়েছে বঙ্গে মসনদ দখল করার জন্য সেরকমই তৃণমূলও মরিয়া চেষ্টা চালাচ্ছে নিজেদের আসন ধরে রাখার। নিত্যদিন বঙ্গ রাজনীতিতে কিছু না কিছু হয়েই চলেছে। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আগত বঙ্গ সফর নিয়ে সরগরম হল রাজ্য রাজনীতি।

কাটোয়ার কাছারি রোডে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নাড্ডার সফরসূচি জানিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।৯ই জানুয়ারি কাটোয়ায় জনসভা করবেন জে পি নাড্ডা। কাটোয়ার মুস্থলি গ্রামে দলীয় জনসভা করবেন জে পি নাড্ডা। এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতে বিজেপির আরও কিছু কর্মসূচি রয়েছে যেখানে যাবেন নাড্ডা।

অন্যদিকে সোমবার তাঁর সভার সকল প্রস্তুতি খতিয়ে দেখেন বঙ্গে দলের সহ পর্যবেক্ষক এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য অরবিন্দ মেনন।তিনি মুস্থলিতেও যান। আজ এখানেই বিজেপির জনসভা হওয়ার কথা ছিল যেখানে শুভেন্দু অধিকারীর থাকার কথা ছিল। তবে তা বাতিল হয়ে ৯ই জানুয়ারি হতে চলেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সভার আগে জেপি নাড্ডা কাটোয়ার গৌরাঙ্গবাড়িতে পুজো দেবেন। সেখান থেকে মুস্থলি গ্রামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন।

এই মাসের শেষেই বাংলাতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবমিলিয়ে ভোটের পারদ এই শীতকালেও ভালমত চড়ছে রাজ্যে যা আঁচ পাচ্ছে বঙ্গবাসী।

RELATED Articles