রেশন দুর্নীতিতে যোগ রয়েছে কাকলি ঘোষ দস্তিদারের, এমনটাই দাবী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষিতেই এবার শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ। শুভেন্দুর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বারাসাতের তৃণমূল সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার।
কিছুদিন আগেই রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত ইডি হেফাজতে রয়েছেন তিনি। এরই মধ্যে শুভেন্দু অধিকারী দাবী করেছিলেন যে এই রেশন দুর্নীতিতে যোগ রয়েছে বারাসাতের সাংসদেরও। সেই কারণেই শুভেন্দুকে আইনি নোটিশ পাঠিয়েছেন কাকলি, এমনটাই জানা গিয়েছে।
সেই নোটিশে বলা হয়েছে, কাকলি ঘোষ দস্তিদার একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন সাংসদ ও চিকিৎসকও। শুভেন্দুর এহেন মন্তব্যের তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানি হয়েছে বলে দাবী সাংসদের। সেই কারণেই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। আইনি নোটিশটি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন তৃণমূল সাংসদ। তাতে শুভেন্দুর মন্তব্যের লিঙ্কও রয়েছে।
এই আইনি নোটিশ পাঠানো প্রসঙ্গে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “আমি এবং আমার পরিবারের কেউই অনৈতিকভাবে উপার্জন করেন না। কিন্তু সংবাদমাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই আইনি নোটিস পাঠালাম। শুভেন্দু অধিকারী যদি না প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করব”।





