‘বাংলায় দুর্গাপুজো দেখে বিরোধীদের জ্বালা ধরে গিয়েছে’, ক্লাবগুলিকে কোটি টাকার অনুদান প্রসঙ্গে সাফাই তৃণমূল সাংসদ কল্যাণের

‘বাংলায় দুর্গাপুজো দেখে ওদের জ্বালা ধরে গিয়েছে’, বিরোধীদের ঠিক এমন ভাষাতেই আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর কথায়, বিরোধী দলগুলি দুর্গাপুজোর (Durga Puja) ক্লাবগুলিকে অনুদান (donation) দেওয়া নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁর মতে, পুজোয় অনুদান দেওয়া কোনও অন্যায় নয়।

প্রসঙ্গত, দুর্গাপুজোতে পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান দেও নিয়ে রাজ্য-রাজনীতি বেশ উত্তাল। এর আগে দু’বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে রাজ্য। তবে এবার ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বিদ্যুতের বিলেও ৬০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন তিনি। আর জন্য রাজকোষ থেকে খরচা হবে প্রায় ২৫৮ কোটি টাকা।

রাজ্য সরকারের এই ঘোষণার পর থেকেই রাজ্যকে নানান কটাক্ষ শানিয়েছে বিরোধী দলগুলি। সরকারি কর্মচারীরাও প্রতিবাদ করেছেন যে রাজ্য বকেয়া ডিএ এখনও মেটাতে পারেনি, অথচ পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার সময় কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে।

এই সমস্ত ঘটনা প্রসঙ্গেই আবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফাই, “দুর্গাপুজো হলো সব ধরনের মানুষের উৎসব। এটি সব স্তরের মানুষকে একত্রিত করে। ক্লাবগুলি সুন্দর করে উৎসবের আয়োজন করে। তবে অনেকেই আবার টাকার অভাবে ভালো করে পরিচালনা করতে সক্ষম হয় না। তাদের যদি সাহায্য করা হয়, তাহলে আমার মনে হয় না এর মধ্যে কোনো অন্যায় রয়েছে”।

দুর্গাপুজো উপলক্ষ্যে শ্রীরামপুরের মাহেশ থেকে গান্ধী ময়দান পর্যন্ত একটি শোভাযাত্রা ছিঃ;। সেই শোভাযাত্রায় যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বলেন, “দুর্গাপুজো নিয়ে যে জনস্বার্থ মামলা করা হয়েছে, তা নিয়ে বিশেষ কিছু বলব না। কারণ তা আদালতের বিচারাধীন বিষয়। তবে বিরোধী দলগুলি এটিকে নিয়ে রাজনীতি করে চলেছে”।

তাঁর আরও সংযোজন, “একটি বিরোধী দল অতীতে বলত, আমাদের বাংলায় নাকি দুর্গাপুজো হয় না আর এখন দুর্গাপুজো দেখে ওদের জ্বালা ধরে গিয়েছে। মানুষকে ক্রমশ ভুল বুঝিয়ে চলেছে ওরা। আর একটা বিরোধী দল পুজো আসলেই লাল সামিয়ানা টাঙিয়ে মার্কসের বই বিক্রি শুরু করে দেয়”।

RELATED Articles