বেতন বাড়িয়েছে বেসরকারি স্কুল, অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর

রাজ্যে করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৬ই মার্চ থেকে। এরমধ্যেই রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে অভিযোগ উঠেছিল। এবার তাদের নাম না উল্লেখ করেই ভিডিও বার্তার মাধ্যমে এই বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে কড়া মনোভাবের কথা জানালেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

এই ভিডিও বার্তায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার সর্বশক্তি দিয়ে জনসাধারণকে রক্ষা করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন।  অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন, এই রকম অবস্থায় আমাদের রাজ্যের কিছু বেসরকারি বিদ্যালয় টিউশন ফি বৃদ্ধি করেছে। এই পরিপ্রেক্ষিতে আমি- রাজ্য সরকার, শিক্ষা দফতরের  পক্ষ থেকে বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পরিস্থিতি বিচার করে ফি বৃদ্ধি না করার আবেদন করছি।’

করোনার ধাক্কায় অনেক ছাত্রছাত্রীর পরিবার মাসিক বেতন দিতে পারবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে অভিভাবকদের মনে। তাদের কথা মানবিক দিক থেকে বিবেচনার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। 

করোনাভাইরাসকে রুখতে রাজ্য জুড়ে চলছে লকডাউন। অবশ্য লকডাউন এর আগে থেকেই রাজ্যে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করার ঘোষণা হয়েছে। লকডাউনের জেরে অনেক বেসরকারি স্কুলেই এখনও পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়নি। তবে ক্লাস শুরু না হলেও কয়েকটি বেসরকারি স্কুল পরবর্তী শিক্ষাবর্ষের জন্য টিউশন ফি বাড়িয়েছে বলে অভিযোগ আসে। এখানেই নয়, কয়েকটি স্কুলের তরফে মার্চ ও এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা অভিভাবকদের এসএমএস মারফত জানানো হয়েছে বলে অভিযোগ।

সে কথা কানে যেতেই ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে সকলের মানবিক হওয়া দরকার বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার এই বিষয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর।

RELATED Articles

Leave a Comment