করোনা ও আমফান নিয়ে যতই ব্যতিব্যস্ত দেখাক না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আগামী বছর বিধানসভা নির্বাচন নিয়ে তিনি যে ইতিমধ্যেই ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছেন তা সাম্প্রতিক গতি প্রকৃতি থেকেই স্পষ্ট। বেশ কিছুদিন আগেই তিনি দলের খোলনলচে বদলে ফেলেছেন। ছত্রধর মাহাতোকে তিনি রাজ্য কমিটিতে অন্তর্ভুক্তি করিয়েছেন, ডানা ছেঁটেছেন স্বরূপ বিশ্বাসের। সম্প্রতি তিনি নতুন চমক দিলেন কুণাল ঘোষ এবং নুসরত জাহানকে দলের রাজ্য স্তরের মুখপাত্র হিসাবে নিয়োগ করে!
সম্প্রতি জাতীয় ও রাজ্য স্তরের তৃণমূল মুখপাত্রমন্ডলীতে নতুন মুখ এনেছে শাসক শিবির। জাতীয় স্তরে তৃণমূলের মুখপাত্র হিসেবে কাজ করবেন ১২ জন। রাজ্যে এই সংখ্যাটা ২২। রাজ্যস্তরে এই তালিকাতেই কুণাল ঘোষ এবং নুসরত জাহান এর নাম রয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাই মাসেই ৬ বছরের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিলেন কুণাল। ২০১৯ সালে ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে আবার সখ্যতা বেড়ে ওঠে কুণালের তারপর বহিষ্কারের ৭ বছর পরে এই ঘোষণা কুণালের কেরিয়ারে কামব্যাক হিসাবে বলা যেতে পারে।
অন্যদিকে লোকসভা ভোটের পর থেকেই অভিনেত্রী সাংসদ নুসরত জাহান বিভিন্ন কারণে প্রচারের আলোয় থেকেছেন। সোশ্যাল মিডিয়ায় দলের কার্যকলাপ, উন্নয়নের খতিয়ান তুলে ধরা, বিরোধীদের পালটা জবাব দেওয়ায় সর্বদা সক্রিয় থেকেছেন নুসরত। ভারত সরকারের চীনা অ্যাপ ব্যান করা নিয়ে তাঁর বিখ্যাত মন্তব্য শোরগোল ফেলেছিল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় দলের মুখ হিসেবে কাজ করার পুরস্কার পেলেন নুসরত এরকমটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ার পর এবার রাজ্যস্তরের মুখপাত্রও হলেন।





