রিটেলের বাজারে এবার ফিউচার গোষ্ঠীর নাম ধীরে ধীরে মুছে যেতে চলেছে। কারণ তাদের ব্যবসার প্রায় সম্পূর্ণটাই এবার কিনতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সর্বভারতীয় এক বেসরকারী সংবাদমাধ্যমে আজ এই খবর প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, বর্তমান বাজারে ফিউচার গোষ্ঠী পুরোটাই ঋণের দায় জর্জরিত। অন্যদিকে রিলায়েন্স ফিউচার গ্রুপের ব্যবসা কিনে নিয়ে তাঁদের সমস্ত ঋণ মিটিয়ে দেবে বলে জানা গেছে।
বর্তমানে ফিউচার গ্রুপের মোট পাঁচটি সংস্থা রয়েছে। সেগুলি হল- Future Retail Ltd, Future Consumer, Future Lifestyle Fashions, Future Supply Chain এবং Future Market Networks। জানা গেছে এই পাঁচটি সংস্থাকে মিলিয়ে Future Enterprises Ltd (FEL) বানানো হবে। তারপর সেটিকে বিক্রি করা হবে রিলায়েন্সের কাছে। রিলায়েন্সের একটি রিটেল সাবসিডিয়ারি এই সংস্থাকে কিনবে বলে জানা যাচ্ছে। ওই সংবাদমাধ্যমে আরো জানানো হয়েছে, ৩১শে জুলাইয়ের মধ্যে রিলায়েন্সকে এই চুক্তি করতে হবে। তবে এই নিয়ে এখনো আলোচনা চলছে।
এই চুক্তি স্বাক্ষরিত হলে Big Bazaar, FoodHall, Nilgiris, FBB, Central, Heritage Foods এবং Brand Factory-র মতো দোকানগুলোর মালিকানাও এবার রিলায়েন্সের হাতে চলে যাবে। শুধু Lee Cooper ও All বাদে, সব দোকানই রিলায়েন্স সংস্থার কাছে চলে যাবে। সব মিলিয়ে মোট ১৭০০টি দোকানের মালিকানা হস্তান্তর করা হবে। এছাড়াও যেসব বিদেশি সংস্থার সাথে ফিউচার গোষ্ঠীর চুক্তি স্বাক্ষরিত হয়ে আছে সেগুলিও রিলায়েন্সের হাতে চলে যাবে।
সূত্রের খবর, এই মুহূর্তে গলা অবধি ঋণের বোঝায় ডুবে আছে ফিউচার গ্রুপ। ফিউচার গ্রুপের মালিক কিশোর বিয়ানির গত বছরের সেপ্টেম্বরেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ছিল ১২,২৭৮ কোটি টাকা। তবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি রিলায়েন্সের তরফে। তবে এই চুক্তি স্বাক্ষরিত হলে যে, ফিউচার গ্রুপের নাম শুধু কাগজপত্র ছাড়া আর কোথাও অবশিষ্ট থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।





