‘বিজেপি বাংলায় ১ নম্বরে থাকবে’, প্রশান্ত কিশোরের দাবী শুনেই ফোঁস করে উঠলেন কুণাল, বললেন, ‘ও তো গাঁয়ে মানে না আপনি মোড়ল’

সামনেই লোকসভা নির্বাচন। তৃতীয়বার নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদে বসাতে চেষ্টার কোনও কমতি রাখছে না বিজেপি। অন্যদিকে, বিরোধী দলগুলিও প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদীকে গদিচ্যুত করার। দেশজুড়ে ৪০০-এর বেশি আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যমাত্রা কী পূরণ হবে? এখন সেই প্রশ্নই সবথেকে বেশি প্রাসঙ্গিক। এরই মধ্যে আবার ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) দাবী করেছেন, বিজেপি বাংলায় ১ নম্বর স্থানে থাকবে। যা শুনে তাঁকে ধুয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) বা পিকে দাবী করেছেন, পশ্চিমবঙ্গ থেকে এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি। তাঁর এই মন্তব্যে বিজেপি বাড়তি অক্সিজেন পেলেও এ নিয়ে কোনও মন্তব্য করেন নি বঙ্গ বিজেপির নেতারা। তবে পিকে-র এই দাবী বেজায় আপত্তি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিকে-র (Prashant Kishor) এই দাবী প্রসঙ্গে কুণাল ঘোষ বললেন, “উনি শুধু পরামর্শদাতা থাকলে এত ভুলভাল কথা বলতেন না। কিন্তু এখন ওনার রাজনৈতিক নেতা হওয়ার উচ্চাশা জেগেছে। তাই উনি দল করলেন। হালে পানি পাচ্ছেন না। বিজেপিকে পুজো দিতে হবে। তাই এখন উনি বিজেপিকে তেল দিয়ে কথা বলছেন। উনি সত্যি ভোটকুশলী থাকলে এসব কথা বলতে পারতেন না”।

সূত্রের খবর, প্রশান্ত কিশোর (Prashant Kishor) নাকি বর্তমানে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করছেন। আর চন্দ্রবাবু নাইডু এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। সেই কারণেই এখন প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কথা বলছেন বলে দাবী ওয়াকিবহাল মহলের। এর আগে আইপ্যাক সংস্থার সঙ্গে যখন পিকে যুক্ত ছিলেন, তখন বিজেপি বিরোধী কথা শোনা যেত তাঁর মুখে। কিন্তু এখন আর তিনি আইপ্যাকের সঙ্গে যুক্ত নন। এখন বিজেপির হয়ে কথা শোনা যাচ্ছে পিকে-র মুখে।   

প্রশান্ত কিশোরের (Prashant Kishor) কর্মদক্ষতা নিয়ে কুণাল বলেন, “২০২১ সালেই তো উনি হিসাব মেলাতে পারেননি। আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেস ২০০ পার করবে। তার জন্য ভোট কুশলী হওয়ার প্রয়োজন নেই। প্রশান্ত কিশোর আসলে গাঁয়ে মানে না আপনে মোড়ল। ব্যবসা করতে এসে এখন বিজেপিকে তেল দিতে গিয়েছেন”।

বাংলায় ৩০টি আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। আর এমন আবহে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দাবী নিয়ে কুণালের কটাক্ষ, “ভোট কুশলীর যখন নেতা হওয়ার মানসিকতা জন্মায়, কিন্তু ক্ষমতা থাকে না, তখন বড় গাছকে পুজো দিতে হয় লতাপাতা হয়ে থাকতে গেলে। উনি বিজেপিকে পুজো দিচ্ছেন”।

আরও অন্যান্য খবর