মান-অভিমান, সুর সপ্তমে তোলার জের, দলে ফের বড় জায়গা পেলেন কুণাল, তৃণমূল নেতাকে বাগে আনতেই এমন উপহার?

এই কিছুদিন আগের কথা। দলের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তিনি। এক এক করে দলের অনেক গোপন তথ্যই ফাঁস করছিলেন। তারপর বৈঠকের মাধ্যমে কিছুটা থিতু হয়েছিল ব্যাপারটা। এবার দলের তরফে বড় উপহার পেলেন কুণাল ঘোষ। ফের দলে জুটল জায়গা। গোপন কথা ফাঁস না করার জন্যই কী উপহার? উঠছে প্রশ্ন।

চলতি মাসে উত্তর কলকাতার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন তাপস রায়ও সেই অনুষ্ঠানেই তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন কুণাল। আর ঘটনাচক্রে এর ঠিক কয়েক ঘণ্টা পরই তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এখানেই শেষ নয়। তারপর দিন তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ পড়ে কুণালের। দুই পদ এভাবে হারানোর পর বেশ ভেঙেই পড়েছিলেন কুণাল। হয়ত কিছুটা রাগের বশেই দলের বিরুদ্ধে নানান মন্তব্য করছিলেন তিনি। অনেক ক্ষেত্রেই কিছু গোপন তথ্যও ফাঁস করে দেন।

পরবর্তীতে ব্রাত্য বসুর মধ্যস্থতায় ডেরেক ওব্রায়েনের বাড়িতে এক বৈঠকে যোগ দেন কুণাল ঘোষ। সেখানে কথাবার্তার পর গলে অভিমানের বরফ। আর তারপর থেকেই ফের স্বমহিমায় দেখা গিয়েছে তাঁকে। আর এবার দলের তরফে মিলল এক উপহার। এর আগে লোকসভা নির্বাচনের চতুর্থ ও পঞ্চম দফা ভোট প্রচারকের তালিকায় নাম ছিল না কুণালের। তবে এবার প্রচারকের তালিকায় দেখা গেল তাঁর নাম।

লোকসভা ভোটের সপ্তম দফার জন্য তৃণমূলের তরফে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে কুণাল ঘোষের। এবার ভোট প্রচারে ফের স্বমহিমায় দেখা মিলবে কুণালের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ তিনি ফিরে না পেলেও প্রচারকের তালিকায় আপাতত নিজের নাম ফিরে পেলেন কুণাল।   

RELATED Articles