আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই থ্রেট কালচারের বিষয়টিও মাথাচাড়া দিয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগে আর জি করের ৫৩ জকে সাসপেন্ড করা হয়েছে। তাদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে দেগেছিলেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। এবার অনিকেতদের বিরুদ্ধেই থ্রেট কালচারে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আর জি করের থ্রেট কালচারে অভিযুক্তদের নামের তালিকা দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাতে ৫৩ জনের নাম ছিল। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাদের সাসপেন্ড করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে যখন এই প্রসঙ্গ ওঠে, সেই সময় অনিকেত মাহাতো এই ৫৩ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলেছিলেন। এবার জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেই এক বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা লেখেন, “মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তার মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের(!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির”।
নানান তথ্যের ভিত্তিতে ২০২১ সালের সেই ঘটনার এফআইআর কপি ও মধুমিতা ঘোষের বাবার অভিযোগপত্র দেখিয়ে কুণাল লেখেন, “আশা করব জুনিয়র ডাক্তারবাবুরা এবারে পরিষ্কার করে জানাবেন যে এই শাহবাজ শেখ (যাকে ছবিতে দেখা যাচ্ছে গোল চিহ্নিত করা) তিনি সমাজসেবী নাকি নটোরিয়াস ক্রিমিনাল!! অপেক্ষায় রইলাম”।
মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তার মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট… pic.twitter.com/OZJEXIDQ9E
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 25, 2024
কুণালের এহেন দাবী সামনে আসতেই তা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, এই আন্দোলনের মাধ্যমে কী তাহলে অনিকেতরা এক নতুন লবি তৈরি করতে চাইছেন? ঘুঘুর বাসা ভাঙার নামে নতুন কোনও ঘুঘুর বাসা আবার তৈরি হচ্ছে না তো আর জি করে, এমন প্রশ্নও উঠছে বৈ কী!
আরও পড়ুনঃ থ্রেট কালচারে অভিযুক্তদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলার জের! মানহানি মামলার নোটিশ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে
এদিকে আবার থ্রেট কালচারে অভিযুক্তদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলায় অনিকেত মাহাতোকে মানহানি মামলার নোটিশ পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসক অতনু বিশ্বাসের তরফে। সেই নোটিশে তিনি জানিয়েছেন, “তিনদিনের মধ্যে প্রকাশ্যে সমাজমাধ্যমে ক্ষমা না চাইলে মানহানির মামলা করব। নবান্নের সরকারি বৈঠকে সেদিন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, শীর্ষ পুলিশকর্তাদের উপস্থিতিতে কোনও তথ্যপ্রমাণ ছাড়াই আমাদের ৫৩ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ ও শ্লীলতাহানিকারী বলে কালিমালিপ্ত করেছেন। উনি তিনদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে হাই কোর্টে মানহানির মামলা করা হবে”।





