‘শ্রেয়ার গান যথাযথ, এই রাজ্যে শিল্পীর স্বাধীনতা আছে, অন্য রাজ্যে নেই…’, আর জি কর কাণ্ড নিয়ে বাঁধা শ্রেয়া ঘোষালের প্রতিবাদী গানকে স্বাগত কুণালের

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছেন শ্রেয়া ঘোষাল। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই প্রতিবাদী গান প্রকাশ্যে আনেন তিনি। তাঁর সেই গানের একেকটি লাইনের আনাচে-কানাচে লেগে প্রতিবাদী সত্ত্বা। সেই গান নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে। এবার এই নিয়ে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

গত শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল শ্রেয়া ঘোষালের কনসার্ট। সাধারণত সব কনসার্টের শেষে ‘মেরে ঢোলনা’ গান দিয়েই নিজের কনসার্টের ইতি টানেন শ্রেয়া। তবে এদিন কলকাতার কনসার্টে ঘটল অন্য ঘটনা। ‘মেরে ঢোলনা’ গাওয়ার পর শ্রেয়া দর্শককে অনুরোধ করেন এরপরের যে গানটি তিনি গাইবেন, তাতে যেন কেউ হাততালি না দেন। এরপরই তাঁর কণ্ঠে শোনা যায় আর জি কর কাণ্ড নিয়ে বাঁধা সেই প্রতিবাদী গান। সেই গানের কিছু অংশ এরকম- “যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে…”। এই গান গাওয়ার পর নিঃশব্দে মঞ্চ ছাড়েন শ্রেয়া।

তাঁর সেই গানের শেষে দর্শক মহল থেকে শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। শ্রেয়ার সেই গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেরই অভিযোগ, তাঁর সেই গানে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে। এবার সেই নিয়ে সরব হলেন কুণাল ঘোষ।  

কুণাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শ্রেয়ার গান যথাযথ। যাঁরা এটা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, তাঁরা মনে রাখুন, শ্রেয়া প্রথম দিন থেকে বলেছেন নারী নির্যাতনের সমস্যাটা গোটা দেশের, সমাজের। তিনি বাঙালি, কলকাতায় গেয়েছেন, ঠিক করেছেন, স্বাগত জানাই। শিল্পী তাঁর মানসিকতা আগে থেকেই বলেছেন। নিজেদের কুৎসার একতরফা লাইনে ব্যবহার করবেন না। এখানে গণতন্ত্র, শিল্পীর স্বাধীনতা আছে। গাইতে পারেন। অন্য রাজ্যে নেই”।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনসার্ট করার কথা ছিল শ্রেয়া ঘোষালের। তবে ৯ আগস্ট আর জি করের নৃশংস ঘটনার জেরে সেই সময় কনসার্ট বাতিল করেছিলেন তিনি। জানিয়েছিলেন, “কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল”। সেই কনসার্টই হয় গত শনিবার।

আরও পড়ুনঃ ‘ওরা ডাক্তার না ওরা ডাকাত, কর ফাঁকি দেওয়ার জন্য ভিজিট নিয়ে রসিদ দেয় না…’, চিকিৎসকদের আন্দোলনকে বেলাগাম আক্রমণ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের

প্রসঙ্গত, এর আগে গায়ক অরিজিৎ সিং যখন আর জি করের ঘটনার প্রতিবাদে গান বেঁধেছিলেন, সেই সময় কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। কিন্তু শ্রেয়া ঘোষালের ক্ষেত্রে তেমনটা করলেন না তিনি। কুণালের কথায়, গোটা বিশ্বের তথা দেশে প্রতিনিয়ত যেভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, সেই প্রসঙ্গ তুলে নিরাপত্তার দাবীতে সুর চড়িয়েছিলেন শ্রেয়া। এবার যখন তাঁর প্রতিবাদী গানকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে, সেই সময় সমালোচকদের চুপ করালেন কুণাল ঘোষ।

RELATED Articles