‘রাজ্যের ১.২ শতাংশ বুথে গণ্ডগোলের অভিযোগ উঠেছে, অনেক সাংবাদিকরা ভোটারদের অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন’, দাবী কুণালের

রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও, মোটের উপর ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে দাবী তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। এর পাশাপাশি তিনি এও অভিযোগ তোলেন যে সংবাদমাধ্যমের একাংশ তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য নাকি ভোটারদের অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে।

এদিন পুলিশের নিরপেক্ষ ভূমিকার কথা তুলে তৃণমূলের মুখপাত্র জানান, “‌যেখানে বিরোধীরা অভিযোগ করেছেন, সেখানে পুলিশ হস্তক্ষেপ করে কোথাও ভিড় সরিয়ে দিয়েছেন, আবার কোথাও গ্রেফতার করেছেন। প্রশাসন নিরপেক্ষভাবেই ভোট পরিচালিত করেছে”।

এর পাশাপাশি ভোটে অশান্তির প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ জানান, “‌সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি কিছু সংবাদিক ও চিত্র সাংবাদিকরা ভোটারদের অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কিছু ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। সেই সব ভিডিও ও বক্তব্য যথাযথভাবে বিভিন্ন ফোরামে আমরা পৌঁছে দেব”।

এদিন বিরোধী দলগুলিকেও তোপ দাগেন কুণাল ঘোষ। বলেন, “আজকে যারা বলছেন, আমাদের এই হয়নি, ওই হয়নি, তাঁদের পরিষ্কারভাবে বলে দিতে চাই, আজকে ২২৭৬টি ওয়ার্ডে ভোট হয়েছে। বুথ রয়েছে ১১ হাজার ২৮০টি। মোট বুথের ১.‌২ শতাংশ বুথে হয়ত গণ্ডগোলের অভিযোগ উঠেছে”।

তিনি এও জানান যে নির্বাচনের নিজস্ব কিছু নিয়ম রয়েছে। বাইরে গিয়ে বা অন্য বুথে গিয়ে কাউকে প্রভাবিত করা যায় না। কিন্তু দিলীপ ঘোষ, অধীর চৌধুরীরা এই কাজই করেছেন বলে দাবী কুণালের। তিনি জানান যে দলের কর্মীরা যাতে বিরোধীদের প্ররোচনায় পা না দেন, সেই কারণে তাদের সতর্ক করা হয়েছিল। কর্মীরা দলের নির্দেশ মতোই কাজ করেছেন।

RELATED Articles