ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মোদীকে তুলনা করলেন রাজ্যপাল, ‘চেয়ার অক্ষত রাখতেই তেলবাজি’, কটাক্ষ কুণালের

ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টানলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রামমন্দিরের উদ্বোধন নিয়েও প্রধানমন্ত্রীর প্রশংসা শোনা গেল তাঁর গলায়। এর জেরে বেশ বিতর্কের মুখে পড়তে হল রাজ্যপালকে। তাঁকে পাল্টা খোঁচাও দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কী বলেছেন রাজ্যপাল?

গতকাল, শনিবার ভবানীপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করেন তাঁর। বলেন, “শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভরতে অর্জুনের রথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইরকম ভাবে নরেন্দ্র মোদী আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর, শিশুদের মুখে মুখেও ভারতের নেতৃত্বদানের ক্ষমতা মুখে মুখে ফিরছে। ভগবত গীতায় পড়েছি, শ্রীকৃষ্ণ অর্জুনের দিব্যীয় রথ থেকে নেমে মাটিতে পা রাখামাত্রই, রথটি পুড়ে ছাই হয়ে যায়। তাতে আশ্চর্য হয়ে যান অর্জুন। কী হল বুঝতে না পেরে কৃষ্ণকে প্রশ্ন করেন। তাতে হেসে কৃষ্ণ জানান, তিনি ওই রথে বসেছিলেন বলেই সেটি এতক্ষণ পোড়েনি। আজ ভারত নামক যে রথ রয়েছে, তাতে সওয়ার রয়েছেন নরেন্দ্র-কৃষ্ণ। তিনি আছেন বলেই ভারত খান খান হয়ে যায়নি”।

উল্লেখ্য, মনীষীদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের তুলনা টানা নতুন কোনও বিষয় নয়। এর আগেও একাধিকবার নানান নেতারা এভাবে বিতর্কিত মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা, ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন তৃণমূল নেতারা। এবার এই তালিকায় যোগ হলেন রাজ্যপালও। তাঁর এহেন মন্তব্য নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।

রাজ্যপালকে কটাক্ষ কুণালের

রাজ্যপালের এই মন্তব্যকে কটাক্ষ করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “নিজের চেয়ারটা অক্ষত রাখার জন্য রাজ্যপাল অকারণ তেলবাজি করছেন। নিজের কাজটা নিজে করুন। ওনাকে যে বিজেপি পাঠিয়েছে, সেটা সবাই জানে”।

এহেন মন্তব্যের নিন্দা করা হয়েছে বাম শিবিরের তরফেও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “ওঁর প্রশংসা কখন, কেমন হয়, ঠিক থাকে না। এসে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এখন কেউ বুঝিয়েছেন, একা মমতার প্রশংসা করলে হবে না। পদ ঠিক রাখতে হলে মোদী এবং দিদি, দুজনেরই প্রশংসা করতে হবে”।

রাজ্যপালের পাশে গেরুয়া শিবির

রাজ্যপালের মন্তব্যের জন্য তাঁকে বিতর্কের মুখে পড়তে হলেও বিজেপি নেতারা কিন্তু তাঁর পাশেই দাঁড়িয়েছেন। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, “তরুণ প্রজন্মের চোখে দেখা নতুন ভারতের নেতা নরেন্দ্র মোদী। রাজ্যপাল তুলনা করতেই পারেন। এতে সমালোচনার কী আছে? মুখ্যমন্ত্রী ওঁর হাতেখড়ি দিয়েছিলেন। তিনি এখন সব শিখেছেন, তৃণমূল, সিপিএম, সকলকে চিনেছেন। এটা কোনও অসাংবিধানিক বিষয় নয়”।

RELATED Articles