নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়। তদন্তের জেরে একের পর এক তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে। এবার জানা গেল, দুর্নীতিতে টাকা হাতাতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। এই নিয়ে রহস্যভেদ করতে এবার গুগলকে চিঠি দিল সিবিআই।
জানা গিয়েছে, কুন্তল প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে আসল ওয়েবসাইটের মতো হুবহু এক একটি সাইট তৈরি করেছিলেন। গুগলে WBBPE লিখলে আসল সাইটের নিচেই দেখা যেত ওই ভুয়ো ওয়েবসাইটটি। সূত্রের খবর, চাকরি দেওয়ার নামে অনেকের থেকে টাকা তুলেছিল কুন্তল। এরপর ভুয়ো ওয়েবসাইটে নাম তুলে দিত তাদের। ওই সাইটে চাকরিপ্রার্থীদের দেখাত যে তাদের নাম উঠেছে সাইটে। আর এরপরই চাকরির বাকি টাকা নিত কুন্তল।
এই ওয়েবসাইট তৈরি করার মূল লক্ষ্য ছিল কুন্তল যাদের থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল, তাদের দেখানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে তাদের নাম উঠেছে। তদন্তকারীদের কথায়, ওই ওয়েবসাইট দেখে কারও সন্দেহের করার কোনও উপায়ই নেই। যারা টাকা দিয়েছিলেন, তারা জানতে চাইতেন ‘পর্ষদের’ ওয়েবসাইটে তাদের নাম উঠল কী না বা নম্বর বাড়ল কি না। সেই সময় এই ওয়েবসাইটগুলি দেখাত কুন্তল।
প্রথমে তদন্তকারীরা একটি ওয়েবসাইটের তথ্য জানতে পারে। পরে আরও একটি ওয়েবসাইটের তথ্য পেলেন তদন্তকারীরা। যেহেতু সার্চ ইঞ্জিন গুগলের মাধ্যমে এই ওয়েবসাইট দেখা যেত, এবার তদন্তে গুগলের সাহায্য নিতে চলেছে সিবিআই। সিবিআইয়ের তরফে গুগুলকে চিঠি পাঠানো হয়েছে। ডোমেন কার নামে, কেনা নাকি তা ভাড়ায় নেওয়া বিস্তারিত জানতে চায় সিবিআই।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা বাংলা উত্তাল। ক্রমে বেড়েই চলেছে এই নিয়ে রহস্য। এই দুর্নীতির জাল যে কোথায় গিয়ে শেষ হবে, তা নিয়ে উদ্বেগে তদন্তকারীরা। ইডি-সিবিআইয়ের জালে অনেকেই ধরা পড়লেও এখনও বাকি বহু। একের পর এক নতুন তথ্য মিলছে প্রতিনিয়ত।





