পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে, বিজেপিতে যোগ দিলেন শ’য়ে শ’য়ে তৃণমূল কর্মী, জোর রাজনৈতিক শোরগোল তপনে

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এর আগেই বড়সড় ভাঙন ঘটল ঘাসফুল শিবিরে (TMC)। গতকাল, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন (Tapan) থানার বাদ সনকইর এলাকা থেকে প্রায় ২০০ জন মহিলা তৃণমূল কর্মী (TMC workers) দলে ছেড়ে যোগ দিলেন বিজেপিতে (BJP)। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়৷ 

এদিন বিজেপিতে যোগ দিয়ে সদ্য যোগদানকারীরা জানান যে তৃণমূলে থেকে কোনও সরকারি পরিষেবা পাচ্ছেন না তারা। সেই কারণেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে চান। এলাকায় উন্নয়নের জন্যই বিজেপিতে যোগ দিলেন তারা, এমনটাই জানান যোগদানকারীরা। তাদের এলাকায় জলের সমস্যা রয়েছে, সেই সব নিয়ে সুযোগ পাওয়ার জন্যই তাদের এই যোগদান।

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় তপনের সনকইর এক অনুষ্ঠানে হয় এই যোগদান শিবির। এই অনুষ্ঠানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মহিলারা তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর কথায়, এই যোগদানের ফলে ওই এলাকায় বিজেপির শক্তি বেশ খানিকটা বাড়ল।

তবে এই যোগদান নিয়ে তোপ দাগতে ছাড়ে নি তৃণমূল। বিজেপির এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। তাঁর কথায়, “বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ড যেটা বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ড সেখানকার মহিলারা বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিচ্ছেন। আগামীতে আরও দেবেন”। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় এমন দলবদল রাজনৈতিক শোরগোল তৈরি করেছে।

RELATED Articles