আমরণ অনশন তুললে তবেই হবে নবান্নে বৈঠক, জুনিয়র চিকিৎসকদের ই-মেল করলেন মুখ্যসচিব, কী সিদ্ধান্ত চিকিৎসকদের?

জুনিয়র চিকিৎসকদের অনশন ১৬ দিনে পড়ল। নিজেদের ১০ দফা দাবী নিয়ে অনড় তারা। গত শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে ঘোষণা করা হয় যে সোমবারের মধ্যে যদি তাদের দাবী পূরণের জন্য মুখ্যমন্ত্রী আলোচনায় না বসে, তাহলে মঙ্গলবার থেকে তারা ধর্মঘট করবেন। গতকাল, শনিবার মুখ্যসচিব হাজির হন ধর্মতলার অনশন মঞ্চে। এরপর জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন তিনি।

গতকাল, শনিবার দুপুর ২টো নাগাদ ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির হন মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব ও ডিসি সেন্ট্রালও। মুখ্যসচিবের ফোন থেকেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের অনশন প্রত্যাহার করার আর্জি জানান তিনি।  

ফোনে মুখ্যমন্ত্রী এও জানান, জুনিয়র চিকিৎসকদের দাবী পূরণ করতে তাঁর ৩-৪ মাস সময় লাগবে। এও জানান, তাদের বেশিরভাগ দাবীই মেনে নেওয়া হয়েছে সরকারের তরফে। এদিন জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকেও ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠক ডাকা হয়েছে।

তবে অনশন মঞ্চে বৈঠকের কথা জানালেও, পরে জুনিয়র চিকিৎসকদের করা ই-মেলে এই বৈঠকের জন্য আবার একটি শর্ত দেওয়া হয়। মুখ্যসচিবের করা ই-মেলে মূলত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আলোচনা হয়েছে সেই ব্যাখাই দেওয়া রয়েছে। তবে তাতে বৈঠকের জন্য দেওয়া হয়েছে একটি শর্ত। সেখানে লেখা, সোমবার ৫টার মধ্যেই যাতে জুনিয়র চিকিৎসকদের ১০ জন প্রতিনিধি নবান্নে উপস্থিত হন বৈঠকের জন্য। বৈঠকের জন্য ৪৫ মিনিটের বেশি দেওয়া যাবে না কারণ মুখ্যমন্ত্রীর কাজ রয়েছে। তাতে আরও একটি শর্ত লেখা যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই বৈঠক হবে তাদের আমরণ অনশন তুলে নেওয়ার পর।

আরও পড়ুনঃ ‘খুবই দুর্ভাগ্যজনক যে ৭১ দিন পর আমাদের দাবীগুলিই স্পষ্টভাবে জানেন না মাননীয়া’, মমতার সঙ্গে ফোনে কথোপকথনে মনঃক্ষুণ্ণ আন্দোলনরত চিকিৎসকরা

অনশন মঞ্চে জুনিয়র চিকিৎসকরা নবান্নে গিয়ে বৈঠকে রাজি হয়েছিলেন। তবে এবার এই ই-মেলের প্রেক্ষিতে তাদের জবাব কী হবে, তা জানতে উদগ্রীব ছিলেন সকলেই। সূত্রের খবর, গতকাল রাতেই তাদের জিবি বৈঠক হয়। আর সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন, নবান্নে বৈঠকের আগে তাদের পক্ষে অনশন তুলে নেওয়া সম্ভব নয়। বৈঠকের পরই অনশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন তারা।

RELATED Articles