একদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আর অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো নাম গন্ধই নেই। বরং প্রচন্ড গরম এবং অস্বস্তিকর আর্দ্রতা। কিন্তু এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস নিয়ে এলো আলিপুর আবহওয়া দফতর। সম্প্রতি যে নিম্নচাপ ঘণীভূত হওয়ার কথা ছিল সেটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। ফলে শক্তিশালী হচ্ছে মৌসুমী অক্ষরেখা। তাতে ভর করেই মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যা আগামিকালের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই নিম্নচাপের জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া। এইসব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার অবধি।
বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি পশ্চিমবঙ্গ ছাড়াও এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশাতেও। যার জেরে ওড়িশার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝড় বৃষ্টির আগাম সতর্কতা জারি হয়েছে উত্তর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।





