ফের দিলীপ নিশানায় মমতা। ৫ই আগস্ট অনুষ্ঠিত হতে চলা যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে এখন উত্তাল দেশীয় রাজনীতি। বাদ নেই বাংলাও। ওই দিন পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষিপ্ত বঙ্গ বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি আজকের মধ্যেই পূর্ণ লকডাউনের তারিখ বদলাক মুখ্যমন্ত্রী। নয়তো বাংলার মানুষ বুঝে যাবে, উনি ইচ্ছে করে হিন্দুদের মনে আঘাত দিচ্ছেন। রাম মন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন ডাকা নিয়ে এমনটাই বক্তব্য তাঁর।
একই সঙ্গে তিনি জানিয়েছেন এটা কোনও বিজেপির বিষয় নয়। এটা দেশজুড়ে হিন্দু অস্মিতার জাগরণ। বাংলাও তাতে সামিল হবে। কিন্তু সেই দিনে লকডাউন করে আসলে পশ্চিমবঙ্গের হিন্দুদের সেই পবিত্র ভাবাবেগে আঘাত করছেন মুখ্যমন্ত্রী। এটা অমানবিক। মানবতার বিরুদ্ধে লড়াই।
ক’দিন আগেই আগস্টে সপ্তাহে দু’দিন করে পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই লকডাউন ঘোষণা করতে গিয়ে তিন বার হোঁচট খান মমতা। প্রথমে ঘোষণার পর নিজেই আবার দিন পরিবর্তন করেন। নবান্নে মমতা বলেন, ক্যালেন্ডারের সব উৎসবের ছুটির দিন দেওয়া ছিল না। তাই তিনি লকডাউনের নতুন দিন ঘোষণা করছেন। কিন্তু দেখা যায়, ইদের দিন ও তার পরের দিন পূর্ণ লকডাউন থেকে বাদ পরলেও রাম মন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন রয়েছে। অর্থাৎ ৫ আগস্ট লকডাউন করতে চলেছে রাজ্যের সরকার।
এই প্রসঙ্গে দিলীপ বাবুর বক্তব্য, ৪ বার দিন পরিবর্তন করেছেন, ৫ বার করতে আপত্তি কোথায় ছিল? ৫ই আগস্ট সকাল ১১টা থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়া হবে। সেই কারণে ওইদিন লকডাউন করা যাবে না। ওইদিন লকডাউন করলে রাজ্য সরকারকে ফল ভুগতে হবে বলে হুমকি তাঁর।






