মহালয়ার দিন সকালে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) উদ্দেশ্য করে তর্পণ করেছিলেন কামারহাটির তৃণমূল বিধয়াক মদন মিত্র (Madan Mitra)। তাঁর এই কর্মকাণ্ডের জন্য তাঁকে তোপ দাগেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এবার এই তর্পণ-কাণ্ডের স্পিকারের মন্তব্যের পাল্টা জবাব দিলেন মদন।
তিনি বলেন, “আমি অত্যন্ত নতমস্তকে স্পিকারকে প্রণাম জানাচ্ছি। তিনি ঠিকই বলেছেন যে মদন মিত্র না বললেই পারতেন। মদন মিত্র তো এমনিতেই মদন মিত্র। এ সবের দরকার কী”? এরপরই স্পিকারকে তাঁর কর্মপরিধি স্মরণ করিয়েছেন মদন মিত্র। তিনি বলেন, “আমি মেনে নিচ্ছি। কিন্তু স্পিকারকে আমি বলি, আপনি তৃণমূলের স্পিকার নন, আপনি গোটা বিধানসভার স্পিকার”।
বিধানসভার স্পিকারকে উদ্দেশ্য করে মদন আরও বলেন, “বিধানসভায় আপনার সামনেই যখন অকথ্য, কুকথ্য ভাষায় গালাগাল দেওয়া হয়। এবং বাইরে রেজিস্টার্ড মাতালদের লিস্ট তৈরি করা হয়”।
একথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে কী কী দেওয়া হয়, তার উল্লেখ করেন মদন। তাঁর কথায়, “বিরোধী দলনেতার জন্য কত গাড়ি, কত পাহারা। লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে। সে ওপেনলি বলছে আমি বাটলার, পেগ মাপা নাকি আমার কাজ। আমি মাতালদের রেজিস্টার মেনটেন করি। ভারতবর্ষের লোকতন্ত্র অনুযায়ী, বিধানসভার বাইরে কে কী বলছে, সেটা বিধানসভা থেকে বাদ দেওয়া যায় না। কিন্তু বিধানসভার ভিতরে হয়”।
প্রসঙ্গত, মহালয়ার দিন সকালে পিতৃপুরুষের উদ্দেশে উত্তরসূরিরা তর্পণ করেন। গতকাল, মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করতে গিয়েছিলেন কামারহাটির বিধায়ক। এদিন তাঁর পরনে ছিল তসরের ধুতি-উড়নি। চোখে সানগ্লাস। এদিন নিজের মেজাজেই তর্পণ সারলেন মদন মিত্র।
গঙ্গার পাশেই রাখা ছিল শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবি। তাদের দু’জনের ছবিতে মালা পরানো। নিয়ম মেনে বিজেপির উদ্দেশে তর্পণ সারেন মদন। বিজেপির বিদায় কামনা করে এই কাজ করেন তিনি। তাঁর এই কাজের জন্য বিজেপির তরফে তীব্র কটাক্ষও করা হয়েছে মদন মিত্রকে।
মদন মিত্রের এহেন কাজকে সমর্থন করেন নি বিধাবসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে বলেন, “এসব পাবলিসিটি পাওয়ার জন্য করছেন মদন। মিডিয়াই মদন মিত্রকে তুলছে”।





