মাধ্যমিকের ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষের পর্যায় পৌঁছলেও, এখনও সরকারের তরফ থেকে মেলেনি সবুজ সংকেত। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, একবার সবুজ সংকেত পেলেই আগামী মাসের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হতে পারে।
গত মার্চ মাসেই শেষ হয়েছে পরীক্ষা আর তারপর থেকে লাগাতার চলছে লকডাউন। এই পরিস্হিতিতে মাধ্যমিকের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ১৭ই জুন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশিত হবে। রাজ্য সরকারের তরফে তাড়াহুড়ো করা হচ্ছে না।
তবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিকের ফল প্রকাশের কাজ অনেকটাই এগিয়েছে। ইতিমধ্যে খাতা দেখা শেষ করে প্রায় ১০০ শতাংশ নম্বরই পর্ষদে জমা পড়েছে। এমনকি শুরু হয়েছে রেজাল্ট তৈরির প্রক্রিয়াও। তারপর শুরু হবে শংসাপত্রের কাজ। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে এখনো কমপক্ষে দু- তিন সপ্তাহ সময় লাগবে বলে অনুমান করছে পর্ষদ। অর্থাৎ জুলাইয়ের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্টের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু ফলপ্রকাশের জন্য রাজ্যের সম্মতির একান্ত প্রয়োজন।
প্রসঙ্গত, করোনার জেরে গত মার্চ মাস থেকে স্কুল বন্ধ। এই পরিস্থিতিতে কীভাবে ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষামন্ত্রী। এই বিষয়টি নিয়ে চিন্তিত স্কুল শিক্ষা দফতরও। তাই এখন আলোচনা চলছে এবং সমাধান সূত্র মিললেই দ্রুত ফল প্রকাশ হবে বলে আশাবাদী শিক্ষা মহল। তাই সেই চরম মুহূর্তে যাতে ফলপ্রকাশে কোনো অসুবিধা না হয় তাই সমস্ত প্রস্তুতি এখনই সেরে রাখছে মধ্যশিক্ষা পর্ষদ।





