রাজ্যের একের পর এক ঘটনায় যখন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, তখনই ফের উত্তপ্ত হয়ে উঠল মালদহের একাধিক এলাকা। সাধারণ মানুষের প্রতিবাদ, বিক্ষোভ এসব নতুন নয়, তবে কখন সেই প্রতিবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটাই বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে যখন সেই উত্তেজনার রেশ পৌঁছে যায় প্রশাসন এবং বিচারব্যবস্থার দোরগোড়ায়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ঘটনার সূত্রপাত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে। বুধবার মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। তবে সেই বিক্ষোভ দ্রুতই উত্তপ্ত রূপ নেয়। অভিযোগ, বিক্ষোভের আড়ালে তাণ্ডব চালানো হয় এবং কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর-এর কাজে নিযুক্ত সাতজন বিচারককে গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
এই ঘটনার মাঝেই সামনে আসে একটি ভাইরাল ভিডিও, যেখানে দেখা যায় এক ব্যক্তি গাড়ির ওপর উঠে বক্তব্য রাখছেন। অভিযোগ ওঠে, তিনি উস্কানিমূলক ভাষণ দিচ্ছিলেন এবং মানুষকে প্ররোচিত করছিলেন। এই ব্যক্তির পরিচয় হিসেবে উঠে আসে মোফ্ফাকারুল ইসলামের নাম। ঘটনার পর থেকেই তার খোঁজ শুরু করে পুলিশ, তবে বেশ কিছু সময় পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছিল না, যা নিয়ে জল্পনা আরও বাড়তে থাকে।
অবশেষে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফ্ফাকারুল ইসলামকে আটক করে সিআইডি। তার সঙ্গে আরও এক ব্যক্তিকেও ধরা হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, তারা সম্ভবত বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন। উত্তরবঙ্গের আইজি জানান, এই ঘটনায় ইতিমধ্যেই ১৯টি মামলা দায়ের হয়েছে এবং মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মোফ্ফাকারুল ইসলামের নাম কালিয়াচক থানার একাধিক মামলায় রয়েছে এবং তাকে মূল প্ররোচনাকারী হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ জামিন পেয়েও রক্ষা নেই, এক মাসেই ফের জেলে নোবেল! আবারও বিয়ের প্রলো’ভন ও টাকা আদায়ের অভিযোগ! বাংলাদেশী গায়ককে ঘিরে বিতর্ক, নাম নিচ্ছে না থামার?
এই ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখা কোনও সাধারণ ঘটনা নয়, বরং এটি আদালতের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। বিচারকদের নিরাপত্তা এবং সম্মান রক্ষার প্রশ্নে কঠোর পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছে আদালত। সব মিলিয়ে মোথাবাড়ির এই ঘটনা শুধু একটি স্থানীয় অশান্তি নয়, বরং তা রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।






