ইউক্রেন থেকে দেশে ফেরা ডাক্তারি পড়ুয়ারা রাজ্যের মেডিক্যাল কলেজেই পাবেন পড়াশোনার সুযোগ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ইউক্রেনে যুদ্ধের জেরে পড়ুয়াদের কেরিয়ারে প্রভাব পড়েছে। প্রাণভয়ে ডাক্তারি পড়ুয়ারা দেশে ফিরেছেন। এর মধ্যে রয়েছেন বাংলার ৩৯১ জন পড়ুয়ারাও। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-সহ নানান বিষয়ে সেখানে পড়াশোনা করছিলেন তারা। কিন্তু যুদ্ধের মাঝে বাধ্য হয়েই দেশে ফিরে আসতে হয়েছে তাদের।

দেশে ফেরার পর তাদের কেরিয়ারের কী হবে, তা নিয়ে সংশয়ে ছিলেন পড়ুয়ারা। তবে আজ, বুধবার তাদের সেই সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় বসেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়ারা এ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতেই পড়াশোনা করতে পারবেন বলে ঘোষণা করেন মমতা। এছাড়াও, আরও অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন সেই পড়ুয়ারা।

এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপ করে সমস্যার সমাধান নিয়ে আলোচনা শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান যে ১১ জন ইন্টার্নই রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তাঁদের স্টাইপেন্ডও দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রথম বর্ষের পড়ুয়ারা নতুন করে সরকারি ও বেসরকারি কলেজে পড়ার সুযোগ পাবেন। নানান বেসরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে তাঁদের সাহায্যের জন্য আবেদনও জানান মুখ্যমন্ত্রী।

এছাড়া মেডিক্যাল কোর্সের মাঝপথ থেকেই যাঁদের দেশে ফিরতে হয়েছে, তাঁরাও এই রাজ্যের বেসরকারি কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে রাজ্য সরকার ৫০ শতাংশ খরচ বহন করবে বলে জানানো হয়েছে। এছাড়া ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডে’র সুবিধাও পাবেন এও পড়ুয়ারা। এর মাধ্যমে নেওয়া যাবে ঋণও।

রাজ্য সরকার এই সমস্ত সুবিধা যাতে দিতে পারে, তার জন্য মেডিক্যাল কাউন্সিলের কাছে আবেদন জানাবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, “যুদ্ধকালীন পরিস্থিতির কথা উল্লেখ করে MCI-এর কাছে  রাজ্যের সুবিধাগুলির অনুমোদন চাইবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় আপ্লুত ছাত্রছাত্রীরা তাঁকে ধন্যবাদ জানান।

RELATED Articles