কাল নরেন্দ্র মোদীর মেগা জনসমাবেশের পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল কোচবিহারে। উত্তরের জনসভা থেকে ভোটের ‘অনিয়ম’ নিয়ে জোরালো প্রতিবাদ করলেন তিনি। সেইসঙ্গে মা-বোনেদের উদ্দেশ্যে ভোটের পরামর্শও দিলেন তিনি।
এদিন তাঁর গলায় শোনা যায়, “মেয়েরা যাতে ভোট দিতে না পারে, গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী এসে দাঁড়িয়ে গিয়েছে। গিয়ে বলছে, ভোট দেওয়া যাবে না। কী মা-বোনেরা, আপনাদের যদি বলে ভোট দেওয়া যাবে না, আপনারা তা শুনবেন? মনে রাখবেন, শান্ত হওয়া ভালো, মনে রাখবেন কেউ যদি দুষ্টুমি করে, তাকে দু’টো থাপ্পড় দেওয়া ভালো। শাসন করতে হয়। তবে আমি বন্দুক-গুলি দিয়ে শাসন করব না। আমি বোঝাব।”
আরও পড়ুন-মানবিক মোদী! প্রধানমন্ত্রীর সভায় আচমকা অসুস্থ মহিলা, বক্তব্য থামিয়ে দিলেন চিকিৎসার নির্দেশ
এদিন সবাইকে সতর্ক করে তাঁকে বলতে শোনা যায়, “মনে রাখবেন, কোচবিহারের আশেপাশের কিছু জায়গা আছে বাংলাদেশের। সেই জায়গাগুলিও সিল হবে। যাতে বাইরে থেকে এসে কেউ গুন্ডামি করতে না পারে। সিআরপিএফ যদি গন্ডগোল করে, মেয়েদের বলে দিচ্ছি, ওদের ঘেরাও করে রাখবেন একদল, আর একদল ভোট দিতে যাবেন। একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন। ভোট নষ্ট করবেন না”।
তিনি নির্দিষ্ট করে বলেন, “সেন্ট্রাল ফোর্স বা বাংলার ফোর্স যদি গিয়ে বলে, ভোট দিতে যাবেন না। তা হলে বলবেন, আমি আপনার কথা শুনব না। সঙ্গে সঙ্গে এফআইআর করবেন”।
আরও পড়ুন-শুভেন্দু পিতা শিশিরকে রাজ্যপাল করার ভাবনা কেন্দ্রের!
বাংলার মা-মেয়েদের ভোট দেওয়ার আর্জি জানিয়ে মমতা বলেন, “একটা ভোটের দাম অনেক। আপনারা ভোট দিলে আমাদের কোনও চিন্তা নেই। তাই মা-বোনেদের ভোটকে ভয় পাচ্ছে। তাঁরা যাতে ভোট দিতে না পারে, মেশিন খারাপ করে রেখে দিচ্ছে। মেশিন খারাপ করে রেখে দিলে মা-বোনেরা বাড়ি চলে যাবে। এক দিন দরকার হলে পান্তাভাত খাবেন বাংলার মা-বোনেরা, আলুরচপ দোকান থেকে কিনে ভাত দিয়ে খাবেন। তাও আপনার ভোটটা দেবেন। তা না হলে বিজেপি কোন দিন আইন করে বলবে, এনপিআর করে দিয়ে বলবে, তুমি বাদ। তুমি ডিটেনশন ক্যাম্পে চলে যাও।”





