গত ১রা মে-র ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়েছে ভোট পরবর্তী হিংসা। নানান এলাকা থেকে একাধিক হামলা, বিজেপি কর্মী-সমর্থকদের মৃত্যুর খবর উঠে এসেছে। অভিযোগের তীর গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। এবার সেই ঘটনার সমাধান করতে চলেছেন মুখ্যমন্ত্রী নিজেই।
২রা মে ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে শান্তির বার্তা দেন। বলেন, করোনার এই বাড়বাড়ন্তের সময় জমায়েত বেশি না করতে। তিনি এও বলেন যে সকলে যেন সংযম বজায় রাখেন। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এই ভোট পরিবর্তই হিংসার আঁচ আগে মুখ্যমন্ত্রীর গায়ে। বিজেপি থেকে শুরু করে নানান মহল থেকে মমতাকে দোষারোপ করা হয়।
জানা গিয়েছে, আজ বিকেল ৫টার সময় মমতার কালীঘাটের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। সূত্রের খবর অনুযায়ী, এদিন এই বৈঠকে দুটি প্রধান বিষয়ে আলোচনা হবে। এক, করোনা পরিস্থিতি নিয়ে, দুই, ভোট পরবর্তী হিংসা নিয়ে।
আরও পড়ুন- রাজ্যে ভোট পরবর্তী হিংসা, উদ্বেগ প্রকাশ করে জগদীপ ধনখড়কে ফোন প্রধানমন্ত্রীর, টুইটারে ঝড় রাজ্যপালের
রাজ্যে করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। অক্সিজেনের ঘাটতি ঘটছে অনেক জায়গাতেই। এই পরিস্থিতিতে করোনা নিয়েও আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে আলোচনা হবে ভোট পরবর্তী হিংসা নিয়ে। কীভাবে তা বন্ধ করা যায়, কর্মী-সমর্থকদের কীভাবে সংযত করা যায়, এ বিষয়েও আলোচনা করবেন মমতা।





