‘আমার বাড়িতেও জল ঢুকেছে…’, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে জেলা সফরে মমতা, এদিকে তাঁর নিজের বাড়িই ভেসে গেল জলে

দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে বানভাসি। গত সপ্তাহের টানা বৃষ্টি ও জলাধারের জল ছাড়ার জেরে রাজ্যের একাধিক জায়গা জলের তলায়। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা দুর্গত এলাকায় গিয়ে এবার নিজের বাড়িতেও জলভাসি হওয়ার খবর জানালেন তিনি।

গত বুধবার থেকে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বৃহস্পতিবার হাওড়ার বন্যা পরিস্থিতি দেখতে যান তিনি। বন্যা দুর্গতদের ত্রাণ যাতে সঠিকভাবে পৌঁছয়, সেই নির্দেশ দেন তিনি প্রশাসনকে। বন্যায় কবলিত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মমতা যখন একথা বলছেন, ঠিক সেই সময়ই খবর আসে তাঁর নিজের কালীঘাটের টালির চালের বাড়িও জলে ভাসছে।

জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের  বাড়ির গেট থেকে সদর দরজা পর্যন্ত বানভাসি পরিস্থিতি। তিনি যখন বন্যায় দুর্গতদের সঙ্গে কথা বলছেন, সেই সময় তাঁর ফোনে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। ফোন রেখে মমতা জানান, “আমার কাছে এখন ফোন এল, আমরা যেখানে থাকি, অতো উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গা। তাও লাস্ট সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছে। আমি ফোন করে বললাম লতাকে, লতা আমার সঙ্গেই থাকে, ওঁ অভিষেকের মা। ওঁকে বললাম শিগগিরি পাশে সরে যা”।

আসলে পূর্ণিমার ভরা কোটালে আদি গঙ্গার জল উপচে পড়েছে। সেই জলের জেরেই এখন কালীঘাটে বানভাসি অবস্থা। এই আদি গঙ্গার পাশেই মুখ্যমন্ত্রী টালির চালের বাড়ি। ফলে তাঁর বাড়িতেও জল চলে এসেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ভরা কোটালের জল ঢুকেছে আমার বাড়িতেও। আমি খবর পেয়ে সবাইকে সাবধানে সরিয়ে নিয়ে যেতে বলেছি। ওই জল নামতে ৩–৪ ঘণ্টা সময় লাগবে”।

মমতার কথায়, “‌সমস্ত গলিটলি সব জলে ডুবে গিয়েছে। এতো জল। এটা এখন চলবে কটা দিন। গতকালকে পূর্ণিমার কোটালও গিয়েছে। তারপর যদি রোদ থাকে তাহলেও তিন চারদিন সময় লাগবে”।

আরও পড়ুনঃ যৌন হেনস্থা থেকে তোলাবাজি, রমরমিয়ে চলত ‘থ্রেট সিন্ডিকেট’, রাজ্যের সরকারি হাসপাতাল থেকে বহিষ্কৃত ৪০ জন চিকিৎসক পড়ুয়া

বলে রাখি, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এটা ম্যান মেড বন্যা। রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। সেই কারণেই বানভাসি দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ চটে গিয়ে এও জানান যে তিনি ডিভিসির সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না।

RELATED Articles