‘কী করেন এত টাকা দিয়ে, কীসের দরকার এত টাকার’, বেজায় চটলেন মমতা, নিজের পদ খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়

দলের শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে একেবারেই খুশি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে শৃঙ্খলারক্ষা কমিটিতে বড়সড় বদল আনলেন তিনি। নিজের পদ খোয়ালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির নতুন সভাপতি হলেন সুব্রত বক্সী।

কার্যত, পার্থ চট্টোপাধ্যায়ের কাজে বেশ চটে রয়েছেন মমতা। গতকাল, বৃহস্পতিবার নতুন তৃণমূল ভবনে দলের নানান নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক কখন হয়, খবরের কাগজ পড়ে তা জানতে হয় আমাকে। এবার থেকে বৈঠক ডাকতে গেলে আগে আমাকে জানাতে হবে”।

সম্প্রতি নানান ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামনে এসেছে। আর বগটুইয়ের ঘটনার পর তা আরও বড় আকার ধারণ করেছে। জেলাস্তরের নানান তৃণমূল নেতাদের মধ্যে দুর্নীতি দেখা গিয়েছে। এই নিয়ে আগেও সতর্ক করেছেন মমতা। এবার ফের একবার এই নিয়ে সরব হলেন তিনি।

এদিন তিনি বৈঠকে প্রশ্ন রাখেন, “কী করেন এত টাকা দিয়ে? কীসের জন্য প্রয়োজন হয় এত টাকার”? দলের অন্দরে এমন দুর্নীতি নিয়ে বেশ চটেছেন মমতা। আর এই কারণেই তিনি দলের সংগঠনকে বদলাতে চাইছেন। তা শুরু হল পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই।

আগামী ১০ই মে থেকে জেলাসফর শুরু করছেন মমতা। উদ্দেশ্য, জেলাস্তরের সংগঠনগুলিকে চাঙ্গা করা। দলের নেতা-কর্মীদের যে তিনি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেবেন, তা বেশ স্পষ্ট। নানান জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি চলবে ১০ই মে থেকে ১০ই জুন পর্যন্ত।

আরও অন্যান্য খবর