মুখ্যমন্ত্রী (Chief Minister) আজ শহরে ছিলেন না। আর এই ফাঁকেই আজ হয়ে গেল বিজেপির ‘নবান্ন অভিযান’ (Nabanna Abhijan)। কিন্তু তিনি না থাকলেই বা কি? তাঁর নজর ছিল সম্পূর্ণ ঘটনাক্রমের ওপর। আর তাই কালবিলম্ব না করে ঝাড়গ্রাম সফর থেকে ফিরেই বিজেপির ‘নবান্ন অভিযানে’র ফুটেজ খতিয়ে দেখতে সোজা ডিজির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজই বেলা আড়াইটে নাগাদ ঝাড়গ্রাম সফর শেষে হাওড়ায় ঢোকেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলায় একলব্য স্কুলমাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামার পরই সেখান থেকে তিনি সোজা চলে যান নবান্নে। তবে আজ ও আগামিকাল, এই দুদিন ‘রুটিনমাফিক’ নবান্ন স্যানিটাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অফিসাররা কেউ-ই এখন নেই নবান্নে। মুখ্যমন্ত্রীর দফতরেও কেউ নেই। তাই নবান্নে এসেও ফিরে যান মুখ্যমন্ত্রী। এরপরই নবান্ন থেকে সোজা ভবানী ভবনে গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানেই ভবানী ভবনের (Bhawani Bhawan) কনফারেন্স রুমে বসেই ডিজির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ডিজির সঙ্গে বসেই মুখ্যমন্ত্রী বিজেপির নবান্ন অভিযানের ফুটেজ খতিয়ে দেখেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখযোগ্য বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে আজ রণক্ষেত্র হয়ে ওঠে তিলোত্তমার রাজপথ। ধুন্ধুমার বাঁধে হাওড়া সাঁতরাগাছি স্টেশনে। তুলকালাম হাওড়া ফোরশোর রোড, জিটি রোডেও। অভিযোগ উঠেছে বোমাবাজিরও!
হাওড়া ময়দান এলাকায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি বিজেপির মিছিল থেকেও আগ্নেয়াস্ত্র সহ এক কর্মীকে গ্রেফতারও করা হয়েছে।





