তৃণমূলের দলীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তৃণমূলের সংগঠনের মধ্যে ব্যাপক রদবদল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে নতুন ভাবে সাজল জঙ্গলমহলের সংগঠন। বদলাল জঙ্গলমহলের প্রতিটি জেলার জেলা সভাপতি। রাজ্য কমিটিতে এল জঙ্গলমহলের একাধিক মুখ। বুড়ো হাড়ে যে বিজেপিকে রোখা সম্ভব নয় তা হয়তো বুঝতে পেরেছেন তৃণমূল কান্ডারী। আর তাই এই পদ পরিবর্তন।
সূত্রের খবর পুরুলিয়ার জেলা সভাপতি পদ থেকে বাদ পড়েছেন শান্তিরাম মাহাতো। তাঁর জায়গায় জেলা সভাপতি পদ প্রাপ্ত করেছেন গুরুপদ টুডু। ঝাড়গ্রামে বীরবাহা সোরেনকে সরিয়ে আনা হয়েছে দুলাল মুর্মুকে। বাঁকুড়া জেলা সভাপতি হয়েছেন শ্যামল সাঁতরা। জঙ্গলমহল থেকে ছত্রধর মাহাতো, সুকুমার হাঁসদা ও চূড়ামণি মাহাতোকে রাজ্য কমিটিতে আনা হয়েছে।
শুধুমাত্র জঙ্গলমহলই নয় পরিবর্তনের হাওয়া লেগেছে রাজ্যের অন্যত্রও। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথবাবুকে সরিয়ে তুন সভাপতি হলেন পার্থপ্রতীম রায়। নদিয়া জেলা তৃণমূল সভাপতি হয়েছেন মহুয়া মৈত্র। হাওড়ায় অরূপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীরতন শুক্লকে। রাজীব বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে রাজ্য কমিটিতে। দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্পিতা ঘোষকে। দিনকয়েক আগেই অরূপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্য কোর কমিটিতে আনা হল শুভেন্দু অধিকারীকে।






