আজকালকার দিনের বাজারে বেতন পেয়েও সংসার চালাতে হিমশিম খান অনেকেই। কিন্তু মাসে ১০ হাজার টাকা বেতন পেয়েও তার মধ্যে থেকে ৫ হাজার টাকা জমানো সম্ভব। ভাবছেন কীভাবে? সেই উপায়ই বাতলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল, বৃহস্পতিবার খড়গপুরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখান থেকে তিনি যেমন চায়ের দোকান, তেলেভাজার ব্যবসা করে আয়ের উপায় বলে দেন, তেমনই আবার ১০ হাজার টাকা আয় করেও ৫ হাজার টাকা জমানোর উপায়ও বলে দেন।
আমেরিকার জীবনযাত্রার সঙ্গে বাংলার জীবনযাত্রার তুলনা টানেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আমি আমেরিকায় যদি ৩ লাখ টাকার চাকরি পাই, তারমধ্যে ২ লাখ টাকা চলে যাবে খেতে আর গাড়িতে। ওখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই। হাতে কিছুই থাকবে না। কিন্তু আমি যদি বাংলায় ১০ টাকা মাইনেও পাই আমার রেশন ফ্রি, স্বাস্থ্য ফ্রি। আমার কৃষিবন্ধুরা আছে। এখানে জিনিসের দাম কম”।
মমতার কথায়, “আমি বাড়িতে থাকছি, ঘর ভাড়াটা লাগছে না, মা বাবার উপর দিয়ে হয়ে যাচ্ছে। আমি বাড়িতে আছি। খাবার খরচ লাগছে না। সবার উপর দিয়ে হয়ে যাচ্ছে। তার মানে ১০ হাজার টাকা মাইনে পেয়ে ৫ হাজার যদি বাড়িতে দেন, ৫০০০ কিন্তু জমল”। এভাবেই কার্যত হিসাব কষে মাস ১০ হাজার টাকা বেতন পেয়েও যে ৫ হাজার টাকা জমানো যায়, তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিনের এই অনুষ্ঠানে পুজোর সময় আয়ের নানান উপায়ও বাতলে দেন মমতা। রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের পরামর্শ দেন তারা যাতে পুজোর সময় চা, বিস্কুট, ঘুগনি, তেলেভাজার দোকান দেন। তা বিক্রি করে যে সকলে কুলোতে পারবে না, এমনও বলেন মমতা। তবে শিক্ষিত যুবক-যুবতীরা আদৌ কী মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে এসব ব্যবসা করতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তো থেকেই যায়!






