গতকাল, বুধবারই ফোনে কথা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী সাহায্যের আশ্বাস দেন ও সাহায্যও করেছেন। তবে সেদিনের বিষয় ছিল অন্য। সেদিন বিষয় ছিল ডিভিসির জল ছাড়া নিয়ে যা মেনে নেন মোদী। এবার আজ ফের মোদীকে কড়া চিঠি পাঠান মমতা। অভিযোগ, রাজ্য পর্যাপ্ত পরিমাণে করোনার টিকা পাচ্ছে না।
গত সপ্তাহে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে টিকার বিষয়ে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশনেও স্পষ্ট যে টিকা পাওয়ার নিরিখে অন্যান্য রাজ্যের তুলনায় বঞ্চিত হচ্ছে বাংলা। সেই সেময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বটে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
আরও পড়ুন- তৃণমূলের বিধায়কের জুতো বেঁধে দিচ্ছেন অন্য কেউ, বিতর্ক উঠতেই বললেন, ‘ও তো ভাইপো’
এই কারণে, আজ, বৃহস্পতিবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা। তাতে তিনি স্পষ্ট লিখেছেন যে এর আগে বহুবার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করা হয়েছে। দেখা করেও তিনি এই নিয়ে কথা বলেছেন। কিন্তু এরপরও বাংলা পর্যাপ্ত টিকা পাচ্ছে না। এর ফলে রাজ্যবাসীকে টিকাদানের কর্মসূচী থেমে রয়েছে।
এই চিঠিতে মুখ্যমন্ত্রী টিকাদানের বিস্তারিত হিসাবও তুলে ধরেছেন। বলেছেন, বাংলায় রোজ ৪ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। তবে রহ ১১ লক্ষ মানুষকে টিকা দেওয়ার পরিকাঠামো রয়েছে। কিন্তু যে পরিমাণ টিকা মিলছে, তা অনেকটাই কম। এখনও ১৪ লক্ষ টিকার প্রয়োজন, কিন্তু কেন্দ্র থেকে মিলছে মাত্র ২.৬৮ লক্ষ। মুখ্যমন্ত্রী চিঠিতে এও উল্লেখ করেছেন যে উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাতে যথেষ্ট টিকা সরবরাহ হচ্ছে। তাহলে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে কেন?
আরও পড়ুন- মমতার ডাকে সুদূর আমেরিকা থেকে নবান্নে হাজির নোবেলজয়ী অর্থনীতিবিদ, চলল জরুরি বৈঠক
মুখ্যমন্ত্রীর আরও জানান, রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভাল। কিন্তু পর্যাপ্ত টিকা না পেলে, কড়া বিধিনিষেধ জারি করে করোনাভাইরাস পরিস্থিতিকে যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তা পুরোটাই জলে যাবে। এদিকে, অসম–ত্রিপুরাতেও ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। বাংলার সীমান্তে থাকা দুই রাজ্য থেকে এই রাজ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই তাঁর আবেদন, এবার যেন পর্যাপ্ত পরিমাণ টিকা বাংলায় পাঠানো হয়।





