করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ বর্তমানে বেশ নিম্নমুখী। তবে শীঘ্রই আসতে পারে তৃতীয় ঢেউ। তা কীভাবে সামলানো যাবে, এই নিয়ে আলোচনা করতেই বসেছিল গ্লোবাল অ্যাডাভাইসারি বোর্ডের বৈঠক। নবান্নেই চলে এই বৈঠক। সেখানেই সুদূর আমেরিকা থেকে হাজির হন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি এই বোর্ডের একটি বিশেষ পদে রয়েছেন।
আজ, বৃহস্পতিবার বৈঠক হয় নবান্নে। এরপর বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়েই সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এর আগে তাঁর অনুপস্থিতিতে গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড দায়িত্ব নিয়ে নানান গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে।
এও জানান যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। এর আগেও তিনি আমেরিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। আজ তিনি দেশে সকলের সামনে উপস্থিত হয়েছেন বলে তিনি বেশ আপ্লুত, এমনটাও জানান মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে রাজ্যে করোনা পরিস্থিতি বেশ ভালোর দিকেই। সংক্রমণের হার ও মৃত্যুর হার অনেকটা কম, পজিটিভিটি বাড়ছে। তবে তৃতীয় ঢেউ এখন ভাবিয়ে তুলেছে সকলকে। এই কারণে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য।
এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে এখন করোনা মোকাবিলার সবরকম পরিকাঠামো রয়েছে। আমাদের হাতে অক্সিজেন আছে, পরীক্ষার সবরকম ব্যবস্থা রয়েছে। গ্রামাঞ্চলেও সবরকম সুবিধা আছে। এবার সংবাদমাধ্যমের দায়িত্ব, এই প্রস্তুতির খবর সকলের কাছে পৌঁছে দেওয়া। যাতে সকলে সময়মতো অসুস্থ হলেই চিকিৎসা করাতে পারেন। এখন থেকে সকলেই জেনে রাখুন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবা পাবেন”।
আরও পড়ুন- করোনা পরিস্থিতির জেরে অনাথ হওয়া শিশু-কিশোরদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল মোদী সরকার
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে মূল বক্তব্য, দ্রুত রোগ চিহ্নিত করতে পারা খুব জরুরী। দ্রুত টিকাকরণের উপর জোর দিতে হবে। এরই সঙ্গে সাধারণ মানুষকে তিনি পরামর্শ দেন যে চিকিৎসার সমস্ত সুব্যবস্থা রয়েছে, তা যাতে তারা সময়মত কাজে লাগান।





