‘ভূমি দফতর একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, এটা ভাঙতে হবে’, ক্ষোভে ফেটে পড়লেন মমতা

ফের একবার ভূমি দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতরের কর্মীদের তিনি কড়া নির্দেশ দেন যাতে কাজ ফেলে না রেখে দ্রুত তা শেষ করা হয়। সকলের সামনেই মুখ্যমন্ত্রী বলেন, “ভূমি দফতর একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এটা ভাঙতে হবে”।

গত মঙ্গলবার তিনদিনের সফরে যান মুখ্যমন্ত্রী। গতকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগণায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বিডিও, পুর চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিন সকলের সঙ্গে কথা বলে সকলের অভিযোগ শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন একাধিক সরকারি প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই প্রশাসনিক বৈঠকেই ভূমি দফতরের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান বারুইপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান শক্তিপদ মণ্ডল। তাঁর দাবী, এলাকায় ভূমি দফতর ঠিকমতো করে কাজ করছে না। আর এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে।

এই অভিযোগ শুনেই বেশ রেগে যান মুখ্যমন্ত্রী। বৈঠক যেসমস্ত ভূমি দফতরের আধিকারিক ছিলেন সকলে দাঁড় করান তিনি। এরপরই ভূমি দফতরের কাজ নিয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী।

প্রকাশ্য বৈঠকেই মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “ভূমি দফতর একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এটা ভাঙতে হবে। এটা ভাঙবে আমাদের অফিসাররা”। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি তিনি এও নির্দেশ দেন যাতে দফতরের আধিকারিকদের দ্রুত কাজ শেষ করেন।

তবে এই প্রথম নয়, এর আগেও হাওড়ার প্রশাসনির বৈঠক থেকে ভূমি দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়, “হাওড়া জেলায় জমি নিয়ে সমস্যা হচ্ছে। জেলা ভূমি দফতরের কর্তারা কাজ দেরিতে করছেন। কার নির্দেশে কাজ বন্ধ। কারা এত বড় বড় নেতা দেখি”। মুখ্যমন্ত্রীর অভিযোগ করেন যে অভিজ্ঞতার জন্য কিছু অবসরপ্রাপ্ত আধিকারিকদের রাখা হয়েছে। কিন্তু ২ বছর ধরে তারা কোনও কাজ করেননি।

RELATED Articles